আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ে টানা মৌসুমি বৃষ্টিতে একটি পুরনো ভবন ধসে পড়ে পাঁচ শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন আরও কয়েকজন বাসিন্দা।
স্থানীয় আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইয়ে ১০০ মিলিমিটারের (৩.৯ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে। কোনো কোনো এলাকায় ১৬১ মিলিমিটার (৬.৩ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
ভারি বৃষ্টির কারণে শহরের যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়ে যাওয়ায় মুম্বাইয়ের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়। এমন পরিস্থিতির মধ্যেই গেল রোববার প্রাণহানির এ ঘটনা ঘটে।
নগর কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার মুম্বাইয়ের মানখুর্দ এলাকায় একটি বস্তির দুই থেকে তিনটি বহুতল ভবন ধসে পড়ায় পাঁচ শিশু ও এক নারী নিহত হন।
ভারি বৃষ্টির কারণে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতেও ভূমিধসের ঘটনা ঘটে। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় দুই শহরের মধ্যে যান চলাচল ব্যাহত হয়।
বৃষ্টির কারণে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। মুম্বাই-পুনে দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে।