আন্তর্জাতিক ডেস্ক : স্কুটারে চড়ার সময় তর্কাতর্কির জেরে স্ত্রীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক দিল্লি পুলিশ কর্মীর বিরুদ্ধে। মনীশ ভাটি নামের ওই পুলিশ কনস্টেবল রাস্তার মাঝেই তার স্ত্রীকে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সোমবার (১৩ জুলাই) এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্যমতে, দম্পতিটি একটি স্কুটারে করে যাচ্ছিলেন, তখন তাদের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, কনস্টেবলটি স্কুটারটি থামিয়ে তার স্ত্রীকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
জানা যায়, সোমবার সকালে পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায় তারা স্কুটারে চড়ে যাচ্ছিলেন, তখন তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ভাটি স্কুটারটি থামান এবং তখনও দু’জন তর্ক চালিয়ে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, পরে ভাটি তার স্ত্রীকে গুলি করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান।
চার-পাঁচজন পথচারী ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং একটি অটোরিকশায় করে নারীটিকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান। পরে তিনি আঘাতের কারণে মারা যান।
মনীশ ভাটি সম্প্রতি পূর্ব দিল্লির অ্যান্টি-অটো থেফট স্কোয়াডে (এএটিএস) কর্মরত ছিলেন। তার স্ত্রী, ২৬ বছর বয়সী প্রিয়াঙ্কা, যিনি একজন শিক্ষিকা হিসেবে কাজ করতেন। আজ ছিল প্রিয়াঙ্কার জন্মদিন।
এদিকে, পুলিশ একটি মামলা দায়ের করে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পলাতক কনস্টেবলকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান চলছে এবং পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়। সূত্র: এনডিটিভি