আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামে জুনের শেষ ভাগ ও জুলাইয়ের শুরুতে চলা তীব্র তাপপ্রবাহে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির জনস্বাস্থ্য প্রতিষ্ঠান সিয়েনসানো আগের হিসাব সংশোধন করে এ তথ্য জানিয়েছে।
সংশোধিত তথ্য অনুযায়ী, ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সময়ে প্রত্যাশিত সংখ্যার তুলনায় প্রায় ২ হাজার বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি অতিরিক্ত মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭৪৭ জন জানিয়েছিল।
সিয়েনসানো জানিয়েছে, মৃত্যুর নিবন্ধন দেরিতে হওয়া এবং বিশ্লেষণে আরও দুই দিনের তথ্য যুক্ত করায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। কারণ, তাপপ্রবাহ শেষ হওয়ার পরও কয়েক দিন মৃত্যুহার স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।
দেশটির অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়ালোনিয়া। এরপর রয়েছে ব্রাসেলস ও ফ্ল্যান্ডার্স।
জনস্বাস্থ্য প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০০০ সালে তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর বেলজিয়ামে কোনো তাপপ্রবাহে এটিই সর্বোচ্চ অতিরিক্ত মৃত্যুর ঘটনা।
এর আগে ২০২০ সালের আগস্টের তাপপ্রবাহে দেশটিতে অতিরিক্ত ১ হাজার ৫৫৭ জনের মৃত্যু হয়েছিল। সূত্র: আনাদোলু এজেন্সি