আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) শহরের বাস্ত্রাল এলাকায় অবস্থিত ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের ওই কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়েছিল।
বিস্ফোরণের পর আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আহমেদাবাদের সিভিল হাসপাতাল ও মণিনগরের এলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিনির্বাপণ কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে দমকল বাহিনী ও র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে।
ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নিহত প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে ২ লাখ রুপি করে দেওয়া হবে। এছাড়া আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়া হবে।
এক বিবৃতিতে মোদি বলেন, আহমেদাবাদের আতশবাজি কারখানায় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি।