আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাত এবং আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার–সংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১১টা ১১ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৯ দশমিক ৪৩ ডলারে দাঁড়ায়। এদিন এর আগে ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় স্বর্ণ। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৪ দশমিক ৫০ ডলারে ওঠে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তেলের দাম ও মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে। এর ফলে সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশা জোরালো হয়েছে। গত সপ্তাহে এ কারণেই জুনের শুরুর পর সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন হয়েছিল স্বর্ণের বাজারে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সাম্প্রতিক দরপতনের পর তুলনামূলক কম দামে কেনার সুযোগ হিসেবে বিনিয়োগকারীরা আবার বাজারে ফিরছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনাও স্বর্ণের দামের ঊর্ধ্বগতিতে সহায়তা করছে।
তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটন এখনো ইরান সংকটের কূটনৈতিক সমাধানে আলোচনায় আগ্রহী থাকলেও তেহরান এ বিষয়ে আন্তরিক নয়।
এদিকে, সৌদি আরব থেকে এশিয়ার উদ্দেশে অপরিশোধিত তেল বহনকারী তিনটি ট্যাংকার মঙ্গলবার লোহিত সাগরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হুমকির কারণে পথ পরিবর্তন করেছে। এতে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
রয়টার্সের জরিপ অনুযায়ী, ২০২৬ সালের বাকি সময় ফেডারেল রিজার্ভ তাদের নীতিগত সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। তবে চলতি বছর সুদের হার বাড়ার সম্ভাবনাকে এখন অধিকাংশ বিশ্লেষক ‘উচ্চ’ হিসেবে দেখছেন, যা গত মাসের জরিপের তুলনায় ভিন্ন চিত্র।
অর্থনীতিবিদদের মতে, দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে যায়, যা স্বর্ণের বাজারে প্রভাব ফেলে।
এদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যেও ঊর্ধ্বগতি দেখা গেছে। স্পট রুপার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৯ দশমিক ৭১ ডলারে পৌঁছেছে, যা ১০ জুলাইয়ের পর সর্বোচ্চ। প্লাটিনামের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৬৫৯ দশমিক ৯৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩১০ দশমিক ৫০ ডলারে উঠেছে।