বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:১২:৪০

ইরানের ভয়াবহ হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি

ইরানের ভয়াবহ হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই মাসজুড়ে জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১২ সেনা গুরুতর আহত ও মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আহত সেনাদের চিকিৎসার জন্য জার্মানিতে অবস্থিত একটি মার্কিন সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। চলতি জুলাইয়ের শুরু থেকে ইরানের হামলায় আহত প্রায় ১০০ মার্কিন সেনার মধ্যে তারাও রয়েছেন বলে পেন্টাগনের তথ্য উল্লেখ করা হয়েছে।

ওই কর্মকর্তা জানান, আহতদের মধ্যে প্রায় ৫০ জন জর্ডানে মার্কিন বাহিনীর ঘাঁটিগুলোতে সাম্প্রতিক হামলায় আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দ্রুত দায়িত্বে ফিরে আসা আহত সেনাদের বিষয়ে তথ্য প্রকাশে বাধ্য নয়। এ কারণেই অনেক আহতের তথ্য জনসমক্ষে আসে না।

জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার ঘটনায় তদন্ত এখনো চলছে বলেও জানান ওই কর্মকর্তা।

তার দাবি, ২০শে জুলাই কুয়েতের আহমাদ আল জাবের বিমানঘাঁটির একটি রাডার ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, যা মাত্র ছয় মাস আগে চালু করা হয়েছিল।

এ ছাড়া বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি নৌঘাঁটির গুদামেও হামলা হয়েছে। কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিও সীমিত ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

অন্যদিকে, ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটির বড় একটি তাঁবুও হামলায় ধ্বংস হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে