শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:৪৭:৩২

তেলের দাম কমায় ঘুরে দাঁড়িয়েছে সোনার দাম

তেলের দাম কমায় ঘুরে দাঁড়িয়েছে সোনার দাম

তেলের দাম কিছুটা কমে আসায় বিশ্ববাজারে ঘুরে দাঁড়িয়েছে সোনার দাম। শুরুর ধাক্কা সামলে শুক্রবার (২৪ জুলাই) লেনদেনের একপর্যায়ে মূল্যবান এই ধাতুর দাম সামান্য বেড়েছে।

তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জেরে তৈরি হওয়া জ্বালানিভিত্তিক মূল্যস্ফীতির ঝুঁকি এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হারের ভবিষ্যৎ গতিপথ নিয়ে গভীর পর্যবেক্ষণে রয়েছেন বিনিয়োগকারীরা। খবর রয়টার্স
বাজারের তথ্যে দেখা যায়, শুক্রবার আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক সরবরাহ করা সোনার দাম (স্পট গোল্ড) ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৬১.৩৬ ডলারে। এর আগে দিনের শুরুতে সোনার দাম প্রায় ০.৬ শতাংশ কমে গিয়েছিল। অন্যদিকে আগামী আগস্টে সরবরাহের চুক্তিতে মার্কিন সোনার দাম (গোল্ড ফিউচার্স) ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স বিকোচ্ছে ৪ হাজার ৬৩.৬০ ডলারে।

সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ ব্যাংক ইউবিএস’র বিশ্লেষক জিওভানি স্তাউনোভো বলেন, ‘দিনের শুরুতে সোনার বাজারে যে দরপতন দেখা গিয়েছিল, তেলের দাম কমে আসায় তা ইতিবাচক ধারায় ফিরেছে। তেলের বাজার কিছুটা শান্ত হওয়ায় মার্কিন ফেডারেল রিজার্ভের ওপর এখনই সুদের হার বাড়ানোর চাপ কমবে।’

তিনি আরো যোগ করেন, ‘আমাদের ধারণা, ফেড নীতি সুদহার অপরিবর্তিত রাখবে। আর এটি আগামী মাসগুলোতে সোনার দাম ধরে রাখতে মূল সমর্থন হিসেবে কাজ করবে।

এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে দুটি সৌদি তেল ট্যাঙ্কারে হামলার দাবি করার পর গত বৃহস্পতিবার অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম এক লাফে ৭ শতাংশের বেশি বাড়ে। তাতে গত মে মাসের পর প্রথমবারের মতো তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে যায়। তবে শুক্রবার কিছুটা দরপতনের পর তেলের দাম আবার সেই মাইলফলকের নিচে নেমে আসে।

বিশ্লেষকরা বলছেন, ‘মধ্যপ্রাচ্যে সরবরাহে বিঘ্ন ঘটায় তেলের উচ্চমূল্য সোনার বাজারের ওপর চাপ তৈরি করছিল। কারণ জ্বালানির উচ্চমূল্য মূল্যস্ফীতি বাড়িয়ে দেয়, যা সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে দীর্ঘ সময় ধরে সুদের হার উচ্চপর্যায়ে রাখতে হয়।
আর সুদের হার বেশি থাকলে সুদমুক্ত বিনিয়োগ মাধ্যম হিসেবে সোনার আকর্ষণ কমে যায়।’

বিশ্বের বৃহত্তম সোনা ব্যবহারকারী দেশ চীনে সোনার চাহিদা সামান্য বাড়লেও উল্টো চিত্র দেখা গেছে ভারতে। চলতি সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক বাজারে সোনার দাম চড়ে যাওয়ায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা আমদানিকারক দেশ ভারতে কেনাকাটা বেশ ঝিমিয়ে পড়েছে। চাহিদা কমায় সেখানে ছাড়ের (ডিসকাউন্ট) পরিমাণ গত সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সোনার পাশাপাশি অন্যান্য ধাতুগুলোর দামেও সামান্য উর্ধ্বগতি দেখা গেছে। এর মধ্যে রুপার দাম ১.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮.৪৩ ডলারে উঠেছে। প্ল্যাটিনামের দাম ০.২ শতাংশ বেড়ে ১ হাজার ৬০২.৭৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৬.৯৫ ডলারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে