আন্দোলনকারীদের উদ্দেশ্যে দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও ভিউর বিশ্বরেকর্ড গড়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে ইনস্টাগ্রামে পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে নরেন্দ্র মোদির ভিডিওটি ৩০ কোটি ৩০ লাখ মানুষ দেখেছে।
২৪ ঘণ্টায় সর্বোচ্চ ভিউর আগের বিশ্বরেকর্ডটি ছিল ৩০ কোটির। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড বিটিএস-এর সদস্যদের সাথে দেখা করার ভিডিওটি রিল হিসেবে পোস্ট করেছিলেন। সেই রিলটি ২৪ ঘণ্টায় ৩০ কোটি মানুষ দেখেছিল। নরেন্দ্র মোদির রিলের ভিউ এখন প্রায় ৩৩ কোটি। রেকর্ড গড়া এই ভিডিও পোস্ট করার পর মোদির একাউন্টে এক মিলিয়ন নতুন ফলোয়ার যুক্ত হয়েছেন।
ভারতে চলমান ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাত ১১টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ৪০ সেকেন্ডের সেলফি ভিডিও রিল ইনস্টাগ্রামে পোস্ট করেন। সংক্ষিপ্ত বার্তার রিলটিতে তিনি প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে গত আড়াই মাসে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে দায়ীদের কঠোর শাস্তির অঙ্গীকার করেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয়, সেজন্য এরইমধ্যে আবার পরীক্ষা নেয়া হয়েছে।
তিনি জানান, তার সরকার একটি আইন প্রণয়ন করছে, যেখানে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তি ও সিন্ডিকেটের জন্য দ্রুত বিচার আদালত এবং কঠোর শাস্তির বিধান রাখা হবে।
আন্দোলনে থাকা জেন-জি প্রজন্মের সাথে নিজেকে কানেক্ট করতে নরেন্দ্র মোদি কিছু কৌশল অবলম্বন করেন। তিনি খুব ইনফরমাল ভঙ্গিতে সেলফি ভিডিও পোস্ট করেছেন। তার বক্তব্য ছিল খুবই সংক্ষিপ্ত ও পয়েন্টনির্ভর।
নরেন্দ্র মোদি মধ্যরাতে রিলটি পোস্ট করেন, যখন জেন-জি প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সক্রিয় থাকে।
তার কৌশল কাজে লেগেছে। ২৪ ঘণ্টার মধ্যেই তা বিশ্বরেকর্ড গড়েছে। ডিজিটাল মাধ্যমে রেকর্ডভাঙ্গা সাড়ায় অভিভূত নরেন্দ্র মোদি ২৪ ঘণ্টা পর আবার ইনস্টাগ্রামে হাজির হন। এবার অবশ্য ধন্যবাদ দিতে।
শুক্রবার মধ্যরাতে মাত্র ২৪ সেকেন্ডের ভিডিওটি তিনি শুরুই করেছেন, ‘ধন্যবাদ বন্ধুরা’ বলে। ভারতের যুবসমাজকে তাদের ইতিবাচক মতামত, সমর্থন ও সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, জনগণের মতামত নেতৃত্ব ও নাগরিকদের মধ্যকার সম্পর্ককে আরও মজবুত করতে সাহায্য করে।
গঠনমূলকভাবে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আশা করি আপনাদের এই ভালোবাসা বজায় থাকবে এবং আমাদের এই বন্ধন আরও প্রাণবন্তভাবে যুক্ত হতে থাকবে।’