বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ০৮:২৮:২১

আবারও দেশব্যাপী বড় ধরনের আন্দোলনের হুমকি ককরোচ জনতা পার্টির

আবারও দেশব্যাপী বড় ধরনের আন্দোলনের হুমকি ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে দুই দিনের মাথায় দ্বিতীয়বারের মতো দেশব্যাপী বড় ধরনের আন্দোলনের হুমকি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মঙ্গলবার দলটির পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের নিরাপত্তা ও মামলা প্রত্যাহারের বিষয়ে সরকার যে আশ্বাস দিয়েছিল, আইনি মারপ্যাঁচে তা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরসহ বিভিন্ন স্থানে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের ঘটনায় দায়ের করা একাধিক আবেদনের শুনানি করেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। শুনানি শেষে আদালত নির্দেশ দেন যে, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না এবং যাদের আগের কোনো অপরাধের রেকর্ড নেই, তাদের মুক্তি দিতে হবে।

তবে আদালতের রায়ে একটি বিশেষ আইনি দিক রাখা হয়েছে। আদেশে বলা হয়, দিল্লি এনসিটিসহ অন্যান্য রাজ্যগুলো দায়ের করা এফআইআরগুলোর (প্রাথমিক তথ্য বিবরণী) তদন্ত চালিয়ে যেতে পারবে। কেবল যাদের বিরুদ্ধে আগে থেকে কোনো অপরাধমূলক রেকর্ড নেই, তারাই কঠোর ব্যবস্থা থেকে সুরক্ষা পাবেন।

সুপ্রিম কোর্টের এই আদেশকে আন্দোলনকারীদের জন্য ‘সতর্কঘণ্টা’ হিসেবে অভিহিত করেছেন সিজেপি মুখপাত্র সৌরভ দাস। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই রায় গত ২৫ জুলাই ভারত সরকারের দেওয়া প্রতিশ্রুতির সম্পূর্ণ পরিপন্থী। সরকার সুনির্দিষ্টভাবে আশ্বাস দিয়েছিল যে, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার করা হবে এবং কাউকে লক্ষ্যবস্তু করা হবে না। সেই বিশ্বাসের ওপর ভিত্তি করেই ককরোচ জনতা পার্টি আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছিল।

সিজেপির আশঙ্কা, সুপ্রিম কোর্টের এই তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিজেপি শাসিত রাজ্যগুলো আন্দোলনকারী শিক্ষার্থীদের হেনস্তা করতে পারে। সৌরভ দাস আরও অভিযোগ করেন, সরকারের আইনজীবীরা আন্দোলনকারীদের দেওয়া প্রতিশ্রুতির বিষয়ে অবগত থাকলেও আদালতের এই আদেশের বিরোধিতা করেননি, যা অত্যন্ত উদ্বেগজনক।

কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে সিজেপি মুখপাত্র বলেন, সরকারের দেওয়া সময়সীমা আজই শেষ হচ্ছে। প্রতিটি এফআইআর প্রত্যাহার এবং আন্দোলনকারীদের ওপর কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার শর্ত মেনে চলতে হবে। অন্যথায় দেশের যুবসমাজ ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সিজেপি আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

এর আগে গত সোমবার দলটির আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কাও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, সরকার চুক্তির শর্ত লঙ্ঘন করে শত শত প্রতিবাদকারীকে গ্রেপ্তার করেছে। দ্রুত সব বন্দি শিক্ষার্থীকে মুক্তি দেওয়া এবং নতুন করে কোনো মামলা না করার দাবি জানান তিনি।

ভারতের শিক্ষা ব্যবস্থায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের পর ককরোচ জনতা পার্টি তাদের সমর্থনে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিল। পরে সরকারের সঙ্গে একটি সমঝোতা ও সুনির্দিষ্ট আশ্বাসের ভিত্তিতে তারা আন্দোলন স্থগিত করে। তবে সাম্প্রতিক আইনি প্রক্রিয়া ও পুলিশের তৎপরতা সেই সমঝোতাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে