আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সেনাদের লক্ষ্য করে আকস্মিকভাবে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার (২৯ জুলাই) ভোরে জর্ডানে থাকা মার্কিন সেনাদের টার্গেট করে একাধিক মিসাইল ছুড়ে তারা। এই হামলাকে ‘সারপ্রাইজ অ্যাটাক’ হিসবে অভিহিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।
দেশটির সেনাবাহিনী দাবি করেছে, ইরানের ছোড়া সবগুলো মিসাইল প্রতিহত করা হয়েছে।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ইরানে টানা ১৪ দিন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় ইরানও পাল্টা হামলা চালিয়েছে। তবে গত তিন থেকে চারদিন ধরে যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে আর হামলা চালায়নি। এরমধ্যেই তাদের সেনাদের লক্ষ্য করে আকস্মিক মিসাইল ছুড়েছে ইরান।
মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এ ব্যাপারে বলেছে, “মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর সারপ্রাইজ অ্যাটাক চালানোর লক্ষ্যে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস ইরান থেকে একাধিক ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। সব ইরানি মিসাইল সফলভাবে প্রতিহত করা হয়েছে।”
ইরান এখন পর্যন্ত হামলার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
তবে গত কয়েকদিন ধরে জর্ডানকে বিশেষভাবে টার্গেট করছে ইরান। দেশটির দাবি জর্ডান থেকে তাদের ওপর হামলা চালানো হচ্ছে। জর্ডানের একটি ঘাঁটিতে ইরান এরমধ্যে একাধিকবার হামলা চালিয়েছে। তারা দাবি করেছে, সেখানে থাকা মার্কিনিদের হেলিকপ্টার ও অন্যান্য যুদ্ধাস্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল