আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের পুনে জেলার বারামতি বিমানঘাঁটির কাছে অবতরণের সময় একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। রোববার (৯ আগস্ট) এ ঘটনায় বিমানে থাকা দুজনের কেউ গুরুতর আহত হননি। এ ঘটনায় কোনো প্রাণহানির খবরও পাওয়া যায়নি।
পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের কাছে পিছলে যায়। পুনের পুলিশ সুপার সন্দীপ সিং গিল হিন্দুস্তান টাইমসকে জানান, সেসনা ১৭২ মডেলের বিমানটি বেসরকারি প্রতিষ্ঠান কার্ভার এভিয়েশন পরিচালনা করছিল।
এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, বিমানটিতে কোনো কারিগরি ত্রুটি ছিল কি না, নাকি অন্য কোনো কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
বারামতি বিমানঘাঁটির কাছে সাম্প্রতিক সময়ে এটি দ্বিতীয় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা।
এর আগে গত ১৩ মে একই বিমানঘাঁটির কাছে আরেকটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। গোযুবাভি গ্রামের কাছে ওই ঘটনায় বিমানে থাকা একমাত্র প্রশিক্ষণার্থী পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। বিমানটি পরিচালনা করত রেডবার্ড ফ্লাইট ট্রেনিং একাডেমি। প্রতিষ্ঠানটি পরে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করে।
ওই ঘটনার পর পুলিশ সুপার সন্দীপ সিং গিল জানিয়েছিলেন, প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি তুলনামূলক কম উচ্চতায় উড়ছিল। এ সময় এতে কারিগরি ত্রুটি দেখা দেয়। জরুরি অবতরণের সময় বিমানের এক পাশ একটি বৈদ্যুতিক বাতির খুঁটিতে আঘাত করে এবং পরে মাটিতে পড়ে যায়। সূত্র: হিন্দুস্তান টাইমস