এমটিনিউজ২৪ ডেস্ক : আগের কার্যদিবসে প্রায় সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে ওঠার পর বিশ্ববাজারে সোনার দামে সামান্য পতন ঘটেছে। মূলত মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যের অপেক্ষায় বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের চোখ থাকার কারণে সোনার দামে এই মন্দাভাব দেখা গেছে।
সোমবার (১০ আগস্ট) স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ০.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৩২.৬৮ ডলারে। এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রে কৃষি খাতের বাইরে কর্মসংস্থানের (নন-ফার্ম পে-রোল) দুর্বল পরিসংখ্যান প্রকাশের পর বিশ্ববাজারে সোনার দাম গত ১৭ জুনের পর সর্বোচ্চ চূড়ায় উঠেছিল।
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের মান ০.২ শতাংশ বাড়ায় বিদেশি ক্রেতাদের জন্য ডলারের মাধ্যমে সোনা বা অন্যান্য বুলিয়ন কেনা আগের চেয়ে ব্যয়বহুল হয়ে পড়েছে।
বিশ্ববাজারে সোনার পাশাপাশি অন্য বেশ কিছু মূল্যবান ধাতুর দামেও পরিবর্তন এসেছে।
স্পট রুপার দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩.৯৪ ডলারে লেনদেন হলেও প্ল্যাটিনামের দাম ০.৫ শতাংশ কমে দাঁড়ায় ১ হাজার ৭৩৬.২০ ডলারে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ১.৫ শতাংশ কমে প্রতি আউন্স ১হাজার ৩৫৭ ডলারে নেমেছে।
এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছে।