মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ০৬:৪১:৪০

সৌদি জাহাজে মিসাইল হামলা, বহু হতাহতের আশঙ্কা

সৌদি জাহাজে মিসাইল হামলা, বহু হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালি পার হওয়ার সময় মিসাইল হামলার শিকার হয়েছে সৌদি আরবের একটি জাহাজ। আজ মঙ্গলবার (১১ আগস্ট) জাহাজ চলাচল সংস্থা ও ইয়েমেনি সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে।

লোহিত সাগরে সৌদি আরব ও ইয়েমেনের পাশ দিয়ে বয়ে গেছে। আর সাগরটির সরু বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ রয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দখলে। তারা প্রায় দুই সপ্তাহ আগে জানিয়েছিল এ প্রণালি দিয়ে সৌদি আরবের পণ্যবাহী কোনো জাহাজ পার হতে দেবে না।

সৌদির এ জাহাজে চালানো হামলায় দুই পাকিস্তানি ও এক ইন্দোনেশীয় নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সমুদ্র বিষয়ক গোয়েন্দা সংস্থা মারিস্ক বলেছে, “প্রাথমিক তথ্যে তিনজন ক্রু নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। যারমধ্যে দুজন পাকিস্তানি। অপরজন ইন্দোনেশীয়।”

জাহাজটির নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সৌদি আরব দীর্ঘদিন ধরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর নৌ ও আকাশ অবরোধ আরোপ করে রেখেছে। হুতিরা দুই সপ্তাহ আগে জানায় তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। নয়ত সৌদির কোনো জাহাজকে এখান দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।

মারিস্ক হামলার ব্যাপারে বলেছে, “যদি হামলার বিষয়টি নিশ্চিত হয় তাহলে এটি সৌদি-সংশ্লিষ্ট জাহাজ চলাচলের বিরুদ্ধে আরও গুরুতর বিষয়। এছাড়া বাব এল-মান্দেব প্রণালিতে সৌদির মালিকানাধীন জাহাজ, ব্যবস্থাপনা, কার্গো ও বন্দর ব্যবহারের যে ঝুঁকি ছিল সেটি আবারও ফিরে এলো সঙ্গে কয়েকগুণ বৃদ্ধি পেলো।”

হুতিরা অবরোধ আরোপের পর বাব এল-মান্দেব দিয়ে প্রতিদিন ২০ থেকে ৩০টি জাহাজ চলাচল করছে। কিন্তু সৌদির জাহাজগুলো আফ্রিকা ঘুরে এরপর তাদের গন্তব্যে যাচ্ছে। সূত্র: সিএনএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে