বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১০:৫০:৪৪

পরপর দুই দিন বৈঠকে অজিত দোভাল ও সার্জিও গর

পরপর দুই দিন বৈঠকে অজিত দোভাল ও সার্জিও গর

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ সফরের ১০ দিনের মধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে টানা দুই দিন বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট এ তথ্য জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, সার্জিও গর ও অজিত দোভাল পরপর দুই দিন বৈঠকে বসেন।

তবে বৈঠকগুলোতে নির্দিষ্ট কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি জয়সওয়াল। তিনি জানান, দুই দফার আলোচনাতেই ভারত ও যুক্তরাষ্ট্রের সামগ্রিক বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দুই দেশের অংশীদারত্বের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে। বাণিজ্য, পারস্পরিক সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে উভয় দেশ কাজ করছে।

 সার্জিও গরের এক্সে দেওয়া পোস্ট।

দোভালের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন সার্জিও গর। বৈঠকের বিস্তারিত না জানিয়ে তিনি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সহযোগিতা নিয়েই আলোচনা হয়েছে।

গর আরও বলেন, বিশ্বজুড়ে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের বেশ কিছু অভিন্ন লক্ষ্য রয়েছে এবং পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা ক্রমেই বাড়ছে।

দোভাল ও গরের পরপর দুই দিনের বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, সার্জিও গরের দায়িত্ব শুধু ভারতে মার্কিন কূটনৈতিক প্রতিনিধিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়; দক্ষিণ ও মধ্য এশিয়ার বিস্তৃত অঞ্চলের দায়িত্বও তার ওপর রয়েছে।

ভারতের আশপাশের অঞ্চলে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও পরিবর্তনের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ায় এর গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে