বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ০৩:২২:১৪

ইতিহাস গড়ল লেবাননের পার্লামেন্ট

ইতিহাস গড়ল লেবাননের পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : মৃত্যুদণ্ডের বিধান বাতিল করে ইতিহাস গড়ল লেবাননের পার্লামেন্ট। একই সঙ্গে আগে দেওয়া সব মৃত্যুদণ্ডের সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) পার্লামেন্টের স্পিকারের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ডের বিধান বিলোপ করল লেবানন। অবশ্য ২০০৪ সাল থেকেই দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ ছিল। তবে আইন অনুযায়ী কয়েক ডজন ব্যক্তি তখনও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিসেবে কারাগারে ছিলেন।

হত্যা ও রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অপরাধে লেবাননে মৃত্যুদণ্ডের বিধান ছিল। গত বছর দেশটির আইনপ্রণেতারা মৃত্যুদণ্ড বিলোপের জন্য একটি আইন প্রস্তাব করেন। তবে মঙ্গলবারের বিবৃতিতে প্রস্তাবটি কত ভোটে পাস হয়েছে, তা জানানো হয়নি।

লেবাননের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য দেশের জন্য লেবানন একটি শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক হেবা মরায়েফ বলেন, মৃত্যুদণ্ড বাতিল লেবাননে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে একটি বড় মাইলফলক। দুই দশকের বেশি সময় মৃত্যুদণ্ড কার্যকর না করার পর এবার সেটিকে স্থায়ী আইনি সুরক্ষায় রূপ দেওয়া হলো।

এদিকে কারাগারে অতিরিক্ত বন্দির চাপ কমাতে কিছু অপরাধের ক্ষেত্রে সাধারণ ক্ষমা দেওয়ার একটি পৃথক আইন নিয়েও আলোচনা করছে লেবাননের পার্লামেন্ট। সূত্র: রয়টার্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে