আন্তর্জাতিক ডেস্ক : দিঘার মাছ বাজারে বিপুল পরিমাণ ইলিশ আসায় কমেছে ইলিশের দাম। ওজন অনুযায়ী কত দামে মিলছে তাজা ইলিশ, কোন সাইজের ইলিশের দাম কত এবং এই জোগান বাড়লে পশ্চিমবঙ্গের অন্যান্য বাজারেও কি ইলিশের দাম কমতে পারে—জেনে নিন বিস্তারিত।
*দিঘায় ইলিশের জোয়ার! সোমবারও এল রাশি রাশি ইলিশ। নিম্নচাপের ঘনঘটা, ঝিরিঝিরি বৃষ্টি সঙ্গে উত্তাল হাওয়া। ইলিশের জোগান বাড়িয়ে তুলেছে দিঘায়। বিগত কয়েক বছরের ইলিশের খরা যেন পুষিয়ে দিচ্ছে চলতি বছর অগাস্ট মাসে। শেষ চার-পাঁচদিন দিঘায় এল টন টন ইলিশ। আগামী দিনে আরও ইলিশ উঠেবে বলে অনুমান মৎস্যজীবীদের। মৎস্যজীবীরা আশাবাদী এভাবে যদি ইলিশের যোগান থাকে তাহলে দামও কমবে।
*ছিঁটে-ফোঁটা বৃষ্টির মাঝে শ্রাবণের মৃদুমন্দ হাওয়ায় চলতি বছর দিঘায় ইলিশের ছয়লাপ, মুখে হাসি ফুটছে মৎস্যজীবীদের। অন্যান্য বছরের তুলনায় চলতি বছর শ্রাবণে যে পরিমাণ ইলিশের দেখা মিলেছে তাতে এক প্রকার বাঙালির পাতে স্বস্তির ইলিশ ওঠার দিন আর বেশি বাকি নেই বলা চলে। উল্লেখ্য, দিঘায় শ্রাবণ মাসের আগে এত ইলিশ শেষ কবে উঠেছে মনে করতে পারছেন না ট্রলার মালিক থেকে মৎস্য ব্যবসায়ীরা।
*চলতি বছর মাছ ধরার মরশুমে শ্রাবণ মাসে টন টন ইলিশ উঠছে। শেষ চারদিনে দিঘা পাইকারি বাজারে প্রায় ২০০ টন ইলিশ উঠেছিল। এরপর সোমবার আরও ২৫ টন ইলিশ নিলামে উঠেছে। ৫০০ থেকে ৬০০ গ্রাম ইলিশ বর্তমানে বিক্রি হচ্ছে ৯০০ থেকে ৯৫০ টাকা কেজি দরে। এছাড়াও ৭০০ থাকে ৮০০ ইলিশ বিক্রি হয়েছে ১০০০ টাকা থেকে ১১৫০ টাকা কেজি দরে। ৯০০ থেকে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ টাকা থেকে ১৪০০ টাকা কেজি দরে। এর ওপরে ১ কেজি ওজনের বেশি ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১৫০০ টাকা থেকে, তবে ওজন আরও বাড়লে, বাড়ছে দামও।
*মৎস্য ব্যবসায়ীদের দাবি, বিগত কয়েক বছরে এই অগাস্ট মাসে এত বিপুল পরিমাণে ইলিশের দেখা মেলেনি। চলতি বছরে যেভাবে ঝাঁকে ঝাঁকে ইলিশের দেখা মিলছে তাতে মৎস্য প্রিয় বাঙালির ভোজনবিলাসে ইলিশের কমতি থাকবে না বলা চলে। বর্তমানে দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে প্রতিদিন যে ক'টি ট্রলার এবং লঞ্চ মাছ নিয়ে আসছে তাতে বিপুল পরিমাণ ইলিশ উঠছে। এক একটি ট্রলার দেড় থেকে দু'টন পর্যন্ত ইলিশ ধরছে জালে।
*দিঘা মোহনা ফিশারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানান,
*দিঘা মোহনা ফিশারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানান, "শ্রাবণের শেষের দিকে ইলিশ উঠছে দিঘায়। বিগত কয়েক বছর ইলিশ মাছের দেখা মেলেনি। সেদিক থেকে দেখতে গেলে এই সময় বিপুল পরিমাণে ইলিশের যোগান বাজারে চাহিদা মেটাবে। শেষ চার দিনে প্রায় ২০০ টনের মতো ইলিশ উঠে এসেছে। সোমবারও প্রায় ২৫ টন ইলিশ মাছ উঠেছে, সমুদ্রে এখনও মৎস্যজীবীদের ট্রলার রয়েছে। আশা করা যায় আরও ইলিশের যোগান হবে দিঘায়। ওজন অনুসারে দাম নির্ধারিত হচ্ছে।
*বর্ষাকালে মাছে ভাতে সুখে থাকা বাঙালির প্রথম ও একমাত্র পছন্দ ইলিশ। কিন্তু বিগত বছর ইলিশের যোগান সেভাবে না মেলায় কার্যত হতাশ হতে হয়েছে। এই অগাস্ট মাসে দিঘায় প্রতিদিন টন টন ইলিশ উঠে আসছে। এই ধারাবাহিকতা যদি বজায় থাকি তাহলে ইলিশপ্রেমীদের আর হতাশ হওয়ার দিন শেষ। একদিকে যেমন দাম কমবে সমুদ্রের এই রূপোলি ফসলের, অন্যদিকে বাজারের ইলিশের চাহিদা মিটিয়ে দেবে দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র।