শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ০৪:৩৮:৪৩

এক ধাক্কায় স্বর্ণের বাজারে বড় দরপতন

এক ধাক্কায় স্বর্ণের বাজারে বড় দরপতন

আন্তর্জাতিক ডেস্ক : এক ধাক্কায় স্বর্ণের বাজারে বড় দরপতন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আর বাড়াবে না—এমন আভাসে বিশ্ববাজারে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ব্যবহৃত সোনা বা বুলিয়নের দাম গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ স্থানে পৌঁছেছিল। তবে সেই ঊর্ধ্বমুখী গতি থমকে গেছে।

সাপ্তাহিক লেনদেনের শেষ দিনে শুক্রবার (১৪ আগস্ট) ব্যবসায়ীরা মুনাফা তুলে নিতে শেয়ার ও পণ্য বিক্রি শুরু করায় বিশ্ববাজারে সোনার দাম আবার কমে এসেছে। খবর রয়টার্স

শুক্রবার আন্তর্জাতিক দর অনুযায়ী, স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৩৪৪ দশমিক ২৪ ডলারে। এর আগের সেশনে সোনার দাম এক ধাক্কায় ১ দশমিক ৩ শতাংশ কমেছিল। ফলে চলতি সপ্তাহে অর্জিত মূল্যের প্রায় পুরোটাই হাতছাড়া হলো সোনার।

পাশাপাশি ডিসেম্বরে সরবরাহের জন্য চুক্তিবদ্ধ যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও শূন্য দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪০০ দশমিক ৪০ ডলারে নেমেছে।
স্যাক্সো ব্যাংকের প্রধান বিশ্লেষক ওলে হ্যানসেন এ প্রসঙ্গে বলেন, ‘ধারাবাহিক মূল্যবৃদ্ধির পর এখন বাজারে প্রফিট ট্রেডিং বা মুনাফা তুলে নেওয়ার প্রবণতা চলছে। মূল্যস্ফীতির হার সহনীয় পর্যায়ে থাকা এবং সুদের হার নতুন করে না বাড়ার বিষয়টি বিশ্ববাজারে আগেই সমন্বিত বা ‘প্রাইসড ইন’ হয়ে গেছে।’

তিনি আরও জানান, বাজারে এখন সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ২০০ থেকে ৪ হাজার ৫০০ ডলারের মধ্যে ওঠানামা করছে।

এর মধ্যে ৪ হাজার ৫০০ ডলারের দাগটি হলো ২০০ দিনের মুভিং এভারেজ, যা দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা দেয়। এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দর বেড়ে ৫ জুনের পর সোনার দাম তার সর্বোচ্চ চূড়ায় উঠেছিল।

এদিকে সোনার পাশাপাশি অন্যান্য ধাতুর বাজারে মিশ্র রুপ দেখা গেছে। রুপার (স্পট সিলভার) দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৬৭ ডলারে লেনদেন হচ্ছে। এছাড়া প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে শূন্য দশমিক ৪ শতাংশ ও শূন্য দশমিক ২ শতাংশ বাড়লেও, দিনশেষে দুটি ধাতুই সাপ্তাহিক দরপতনের মুখে পড়েছে।

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে