আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ এশিয়ার তিন স্বাধীন দেশ বাংলাদেশ, পাকিস্তান ও আবারও ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন ভারতের যোগগুরু রামদেব। এজন্য সবাইকে ধৈর্য ধরতে বলেছেন তিনি। এই গুরু দাবি করেছেন, ভারতে কোনো ধর্ম হুমকির মুখে নেই। কিন্তু ভারতের সম্মান ও গৌরব ঝুঁকিতে ছিল বলে জানান তিনি।
গতকাল সোমবার (১৭ আগস্ট) রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। যারমধ্যে ছিল সনাতন ধর্ম, শাসন এবং গণতন্ত্র। এই হিন্দু গুরু দাবি করেন, বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দু ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার হচ্ছে। যদিও নিজের দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।
রামদেব বলেন, “হিন্দুরা বাংলাদেশ ও পাকিস্তানে যে নিগ্রহ ও অবিচারের শিকার হচ্ছে তা মানব সভ্যতার অন্যতম বড় নিষ্ঠুরতা। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন ভারতের সঙ্গে পুনরায় একীভূত হবে। শুধু একটু ধৈর্য ধরুন।”
ভারত ও ভারতের জনগণকে বিশ্বের উন্নত দেশের কাতারে দেখতে চান উল্লেখ করে রামদেব বলেন, “আমি ভারতের অর্থনীতি বিশ্বের সেরার কাতারে দেখতে চাই। রুপির মূল্য যেন ডলার ও পাউন্ডের সমান হয়। আমি দেখতে চাই ভারতের পাসপোর্ট এতটা শক্তিশালী হবে যে ভারতীয়দের বিশ্বের কোথাও ভ্রমণ করতে ভিসা লাগবে না। সূত্র: ইন্ডিয়া টুডে