মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ০৪:১৯:৪৪

রক্তচাপ ওঠানামা, বুক ধরফর, মাথাব্যথা ও অস্থিরতায় ইমরান খান

রক্তচাপ ওঠানামা, বুক ধরফর, মাথাব্যথা ও অস্থিরতায় ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন তাকে ইসলামাবাদের শিফা হাসপাতালে স্থানান্তর করে সেখানে যেন প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) একটি পিটিশনের রায়ে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন। তারা বলেছেন, ইমরান খানকে প্রতি সপ্তাহে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে দিতে হবে। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করতে হবে। আর এ বোর্ডে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ও তার বোন ডাঃ উজমা খানকে রাখতে হবে।

অপরদিকে ইমরান খানের আইনজীবী এবং পরিবারের সদস্যদের আদালত বলেছেন, তারা যেন তার স্বাস্থ্য পরীক্ষার কোনো রিপোর্ট সংবাদমাধ্যমকে না দেন এবং বিষয়টিকে রাজনীতিকরণ না করেন।

ইমরান খান গত তিন বছর ধরে আদিয়ালা জেলে বন্দি আছেন। জেল সুপার গতকাল সুপ্রিম কোর্টের কাছে ইমরানের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রদান করেন।

এতে বলা হয়, কারা কর্তৃপক্ষ ইমরান খান ও তার স্ত্রীকে পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা দিচ্ছে। মেডিকেল অফিসাররা দিনে তিনবার ইমরানের স্বাস্থ্য ও খাবার পরীক্ষা করেন এবং তার রক্তচাপ, হার্ট রেট এবং অক্সিজেনের মাত্রার তথ্য রেকর্ড করেন।

তবে গত ১ আগস্ট ডাঃ আক্তার আলী বান্দেশাহর করা একটি স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে ইমরান খানের অনিয়ন্ত্রিত রক্তচাপ রয়েছে এবং তার রক্তচাপ ওঠানামা করে। এরসঙ্গে তার বুক ধরফর, মাথাব্যথা এবং অস্থিরতা রয়েছে।

ইমরান খান চিকিৎসককে বলেছেন, স্ত্রীর সঙ্গে নিয়মিত দেখা করতে না দেওয়া, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারা এবং টিভি ও পত্রিকা না দেওয়ায় তিনি মানসিকভাবে সমস্যায় ভুগছেন। সূত্র: দ্য ডন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে