মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ০৬:২৪:২৮

অস্ত্রোপচার করে মূত্রথলি থেকে ৩.১ কেজির পাথর অপসারণ

অস্ত্রোপচার করে মূত্রথলি থেকে ৩.১ কেজির পাথর অপসারণ

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার চিকিৎসকেরা এক ব্যক্তির মূত্রথলি থেকে ৩ দশমিক ১ কেজি ওজনের একটি পাথর অপসারণ করেছেন। চিকিৎসকদের দাবি, অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা এ ধরনের পাথরের মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড়।

গত সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলের ত্রিনকোমালির একটি হাসপাতালে অস্ত্রোপচার করে পাথরটি অপসারণ করা হয়। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি স্ট্রোকের পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসার সময় তার প্রস্রাব করতে সমস্যা হচ্ছে বলে জানান চিকিৎসকেরা। পরীক্ষা করে তার মূত্রথলিতে বড় একটি পাথর পাওয়া যায়।

পরে অস্ত্রোপচার করে পাথরটি বের করা হয়। পাথরটির ওজন ছিল ৩ দশমিক ১ কেজি বা ৬ দশমিক ৮ পাউন্ড। আকারে এটি প্রায় একটি উটপাখির ডিমের সমান ছিল।

অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া চিকিৎসক প্রহ্লাদান বালাকৃষ্ণন বিবিসি সিংহলাকে বলেন, ‘নথি অনুযায়ী, অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা এটিই এখন পর্যন্ত নথিভুক্ত সবচেয়ে বড় মূত্রথলির পাথর।

তিনি জানান, অস্ত্রোপচারের পর রোগী খুব ভালো আছেন। বর্তমানে তিনি হাসপাতালেই আছেন এবং অন্যান্য শারীরিক সমস্যার চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসক বালাকৃষ্ণন বলেন, পাথরটি ওই ব্যক্তির মূত্রথলিতে প্রায় পাঁচ থেকে ১০ বছর ধরে ছিল।

মূত্রে থাকা খনিজ পদার্থ স্ফটিক হয়ে জমাট বাঁধলে মূত্রথলিতে পাথর তৈরি হয়। সাধারণত মূত্রথলি পুরোপুরি খালি না হলে সেখানে ঘন মূত্র জমে থাকে। সময়ের সঙ্গে ওই মূত্রের খনিজ পদার্থ স্ফটিক হয়ে শক্ত পাথরে পরিণত হতে পারে।

বালুর দানার মতো ছোট পাথর অনেক সময় নিজে থেকেই শরীর থেকে বের হয়ে যায়। তবে ১ সেন্টিমিটারের বেশি বড় পাথর মূত্রপ্রবাহে বাধা সৃষ্টি করতে পারে এবং তখন চিকিৎসার প্রয়োজন হয়। ৪ সেন্টিমিটারের বেশি বড় মূত্রথলির পাথরকে সাধারণত দৈত্যাকার পাথর বলা হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০০৩ সালে ব্রাজিলের এক রোগীর শরীর থেকে সবচেয়ে বড় মূত্রথলির পাথর অপসারণ করা হয়েছিল। পাথরটির ওজন ছিল ১ দশমিক ৯ কেজি বা ৪ দশমিক ২ পাউন্ড এবং দৈর্ঘ্য ছিল ১৭ দশমিক ৯ সেন্টিমিটার বা প্রায় ৭ ইঞ্চি। তবে গত সপ্তাহে শ্রীলঙ্কায় অপসারণ করা পাথরটির দৈর্ঘ্য ছিল প্রায় ১৭ সেন্টিমিটার এবং ওজন ছিল ৩ দশমিক ১ কেজি। ওজনের দিক থেকে এটি আগের রেকর্ডের পাথরের চেয়েও বড়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে