সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১২:০৪:১৭

কোণাক্রিতে বর্জ্যের বিশাল স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

কোণাক্রিতে বর্জ্যের বিশাল স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোণাক্রিতে বর্জ্যের এক বিশাল স্তূপ ধসে সংলগ্ন বাড়িঘরের ওপর পড়ার ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। দেশটির সরকারের বরাতে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শহরের দার-এস-সালাম এলাকায় গত রাতে হওয়া মুষলধারে বৃষ্টির পর স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে এই বর্জ্য ধসের ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

দুর্ঘটনার পর পরই উদ্ধার তৎপরতা চালাতে সেনাবাহিনীসহ বিশাল উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন গিনির প্রধানমন্ত্রী মামাদৌ উরি বাহ্। এক শোকাহত নারী স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই দুর্ঘটনায় তার পাঁচ সন্তান প্রাণ হারিয়েছে।

পুরো দুর্ঘটনাস্থলজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনার পাহাড়ের ভেতর এক্সকাভেটর ব্যবহার করে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এর আগে ২০১৭ সালেও একই বর্জ্য এলাকায় আবর্জনার স্তূপ ধসে ১০ জনের প্রাণহানি ঘটেছিল। সূত্র: বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে