আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভয়াবহ বন্যায় আপার ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা পড়েছেন অনেক মানুষ। টানা তিন দিন চেষ্টার পর রোববার (৩০ আগস্ট) সুড়ঙ্গের ওপরের অংশে গর্ত তৈরি করতে সক্ষম হয় নেপালি সেনাবাহিনী। কিন্তু ভেতরে গর্ত করার পর উদ্ধারকারীরা ডাক দিলেও ভেতর থেকে কারও সাড়াশব্দ পাওয়া যায়নি।
সেনাবাহিনী জানিয়েছে, প্রায় সাত মিটার চওড়া ওই সুড়ঙ্গের বেশ ওপর পর্যন্ত পানি উঠে গেছে। উদ্ধারকাজ আরও সহজ ও দ্রুত করতে এখন সুড়ঙ্গের মুখ বড় করার চেষ্টা চলছে। সেনাবাহিনী সুড়ঙ্গে অন্তত ৩৫ জন আটকা পড়ে থাকার আশঙ্কা করলেও নেপাল পুলিশের ধারণা, এই সংখ্যা প্রায় ২০০ হতে পারে।
দেশজুড়ে মারাত্মক বন্যা হওয়ায় ত্রাণ ও উদ্ধারকাজে বাড়তি সহায়তার জন্য ভারত ও চীনের বিশেষজ্ঞ দল নেপালে পৌঁছেছে। তারা আধুনিক যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকাজে সহায়তা করছে।
সুড়ঙ্গের এই জায়গাটিতে নেপালি সেনাবাহিনী কাজ করলেও বন্যাকবলিত অন্যান্য স্থান থেকে তারা ইতোমধ্যে চীনা ও ভারতীয় নাগরিকসহ চার শতাধিক মানুষকে নিরাপদে উদ্ধার করেছে। সূত্র: কাঠমান্ডু পোস্ট।