আন্তর্জাতিক ডেস্ক : ইরানজুড়ে নতুন করে দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী আঞ্চলিক মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে। প্রতিশোধমূলক এসব হামলায় বহু মার্কিন সেনা নিহতের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইআরজিসি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার জবাবে তারা জর্ডানের আকাবা উপকূলে অবস্থিত একটি মার্কিন মেরিন ব্যারাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, এতে বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে। ধ্বংস হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও অ্যাটাক হেলিকপ্টার।
আইআরজিসি আরও জানিয়েছে, ‘মার্কিন সন্ত্রাসী শত্রু’র হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর চূড়ান্ত অভিযান কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। এই অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটি ও স্বার্থ এখন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আক্রমণের শিকার হচ্ছে।’
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিকে একটি আবাসিক বাড়িতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই স্থানে একটি বিয়ের অনুষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়। এতে এক শিশু নিহতসহ ৫০ জনের বেশি হতাহত হয়। এর জবাবে পাল্টা হামলা চালায় আইআরজিসি।
বিয়ের অনুষ্ঠানে এই হামলা মিনাব স্কুল এবং লামার্দ স্পোর্টস হল হামলার ‘বর্বরতাকে পুনরুজ্জীবিত করেছে’ বলে অভিযোগ করেছে আইআরজিসি। একইসঙ্গে তাদের দাবি, ইরানি বাহিনীর সরাসরি মোকাবেলায় অক্ষম মার্কিন বাহিনী।