আন্তর্জাতিক ডেস্ক : হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও শিগগিরই অডিও ও ভিডিও কলে অংশ নেওয়ার সুযোগ মিলতে পারে। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা শুধু একটি ওয়েব লিংকের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কলে যুক্ত হতে পারবেন। অর্থাৎ, ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ ইনস্টল বা অ্যাকাউন্ট না থাকলেও কল গ্রহণ করা সম্ভব হবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টবিহীন ব্যক্তিদের টেক্সট কথোপকথনে যুক্ত হওয়ার জন্য ‘গেস্ট চ্যাট’ সুবিধা রয়েছে। নতুন কল–সুবিধাটিও একই ধারণার ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। ফলে অ্যাকাউন্ট ছাড়া ব্যবহারকারীরাও সহজেই অডিও বা ভিডিও কলে অংশ নিতে পারবেন।
সুবিধাটি ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপের ‘কলস’ ট্যাব থেকে একটি কল লিংক তৈরি করতে হবে। এরপর কলের ধরন নির্বাচন করে সেই লিংক বার্তা, ই-মেইল বা অন্য কোনো মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পাঠানো যাবে। প্রাপক লিংকে ক্লিক করলেই ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েবের কল ইন্টারফেস চালু হবে এবং সেখান থেকেই কলে যোগ দেওয়া যাবে।
এ ছাড়া কল চলাকালে লিংক তৈরি করা ব্যক্তি নতুন অংশগ্রহণকারী যুক্ত করতে বা কাউকে কল থেকে সরিয়ে দিতে পারবেন। প্রয়োজন হলে একসঙ্গে সব অংশগ্রহণকারীর জন্য কলও বন্ধ করে দেওয়া যাবে।
অ্যাকাউন্ট ছাড়া যুক্ত হওয়া অতিথিদের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপের প্রচলিত এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থা কার্যকর থাকবে বলে ধারণা করা হচ্ছে। ফলে ব্যবহারকারীদের কথোপকথনের নিরাপত্তা বজায় থাকবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে ভয়েস বা ভিডিও কল করতে হলে উভয় পক্ষেরই অ্যাপ ও অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। এ কারণে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান সম্ভাব্য গ্রাহকদের সরাসরি হোয়াটসঅ্যাপ কলে যুক্ত করতে সমস্যায় পড়ে। নতুন সুবিধা চালু হলে সেই সীমাবদ্ধতা অনেকটাই দূর হবে বলে মনে করা হচ্ছে।
জুম বা গুগল মিটের মতোই শুধু একটি লিংকে ক্লিক করেই কলে যুক্ত হওয়া যাবে। ফলে অ্যাকাউন্টবিহীন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে।
তবে সুবিধাটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। তাই এটি কবে নাগাদ সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো সময়সূচি প্রকাশ করেনি। সূত্র: নিউজ১৮