আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে সমুদ্রে একটি ফেরিতে আগুন লেগে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১০ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র করোনের কাছে গন্তব্যে পৌঁছানোর সময় এমভি জুন অ্যাস্টার নামের ফেরিটিতে আগুন লাগে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনেও একই তথ্য জানানো হয়েছে।
ফিলিপাইন কোস্টগার্ডের মুখপাত্র জানিয়েছেন, এখন পর্যন্ত ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড ক্যাপ্টেন নোমি কায়াবিয়াব জানান, ফেরিটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ১৩৪ জন ছিলেন।
আগুন লাগার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে নিখোঁজদের অবস্থান ও তাদের উদ্ধারে অভিযান কতদূর এগিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আহত ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাসপাতালে নেওয়ার কাজে যুক্ত এক কর্মকর্তা বিবিসিকে ঘটনাটিকে ‘খুবই হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন।
ফেরিটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: বিবিসি