আন্তর্জাতিক ডেস্ক : গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশ শিক্ষার্থী বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিউকা জানান, নিহতদের মধ্যে ১৯ জন মেয়ে ও পাঁচজন ছেলে রয়েছে। নিহতদের মধ্যে আরও কয়েকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বুকাভুর চিমপুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দুটি স্থানীয় স্কুল ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। জাতিসংঘ পরিচালিত রেডিও ওকাপি জানিয়েছে, উজামা প্রাথমিক বিদ্যালয় ও ফুরাহা মাধ্যমিক বিদ্যালয়ে আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি কাছের একটি বসতিও ক্ষতিগ্রস্ত হয়।
আগুনের কারণে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে বের হওয়ার চেষ্টা করেন। স্থানীয় কর্মকর্তা প্যাট্রিস বুদুগে এএফপিকে বলেন, এ সময় পদদলনের ঘটনাও ঘটে। এতে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। শ্বাসকষ্টে আক্রান্ত শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দক্ষিণ কিভু প্রদেশের উপগভর্নর দুনিয়া মাসুমবুকো বুয়েঙ্গে রয়টার্সকে জানিয়েছেন, দুটি স্কুলের পাশাপাশি প্রায় ৩০০টি কাঠের ঘরও আগুনে পুড়ে গেছে।
এদিকে এএফসি/এম২৩ মুখপাত্র কানিউকা জানিয়েছেন, আহত ২৯ জনকে স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ২১ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। গুরুতর আহত ১৭ জনকে কাদুতু জেনারেল হাসপাতালে এবং চারজনকে বুকাভু প্রভিন্সিয়াল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডিআর কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভু ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে রুয়ান্ডার সমর্থনপুষ্ট এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। খনিজসম্পদে সমৃদ্ধ দেশটির পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখলের লক্ষ্যে গোষ্ঠীটি সামরিক অভিযান জোরদার করার পর শহরটির নিয়ন্ত্রণ নেয়। সূত্র: আলজাজিরা