আন্তর্জাতিক ডেস্ক : নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচন করেছে অ্যাপল। ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ অনুষ্ঠানে নতুন এই দুই মডেল বাজারে আনার ঘোষণা দেয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
গত বছর বাজারে আসা আইফোন ১৭ প্রো সিরিজের তুলনায় নতুন মডেল দুটিতে হার্ডওয়্যারে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন চিপ, মডেম, ব্যাটারি এবং ক্যামেরা প্রযুক্তি।
নতুন আইফোন ১৮ প্রো সিরিজে অ্যাপলের সর্বশেষ প্রজন্মের এ২০ প্রো চিপ ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে রয়েছে অ্যাপলের নিজস্ব তৈরি নতুন সি২ মডেম।
অ্যাপলের দাবি, একবার পুরো চার্জ দিলে আইফোন ১৮ প্রো সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। বড় আকারের আইফোন ১৮ প্রো ম্যাক্সে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে সর্বোচ্চ ৩০ ঘণ্টা। নতুন দুটি মডেল কালো, রুপালি, আকাশি নীল এবং নতুন বারগান্ডি রঙে পাওয়া যাবে।
আইফোন ১৮ প্রোতে রয়েছে ৬ দশমিক ৩ ইঞ্চির ডিসপ্লে।
অ্যাপলের তথ্য অনুযায়ী, এই মডেলে সর্বোচ্চ ৩৪ ঘণ্টা পর্যন্ত ভিডিও চালানো যাবে। ফোনটি চার ধরনের স্টোরেজে পাওয়া যাবে। এগুলো হলো ২৫৬ গিগাবাইট, ৫১২ গিগাবাইট, ১ টেরাবাইট এবং ২ টেরাবাইট। অন্যদিকে আইফোন ১৮ প্রো ম্যাক্সে রয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চির বড় ডিসপ্লে। এই মডেলে সর্বোচ্চ ৪৩ ঘণ্টা পর্যন্ত ভিডিও চালানো যাবে।
প্রো ম্যাক্স মডেলটিও ২৫৬ গিগাবাইট, ৫১২ গিগাবাইট, ১ টেরাবাইট এবং ২ টেরাবাইট স্টোরেজে পাওয়া যাবে।
আইফোন ১৮ প্রো সিরিজের বড় পরিবর্তনগুলোর একটি হলো ক্যামেরা। নতুন মডেল দুটিতে ৪৮ মেগাপিক্সেলের ফিউশন প্রধান ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরায় প্রথমবারের মতো শারীরিকভাবে পরিবর্তন করা যায় এমন অ্যাপারচার দেওয়া হয়েছে। এর ফলে ছবি তোলার সময় ব্যবহারকারী ছবির গভীরতা এবং কম আলোতে ছবি তোলার ক্ষেত্রে আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন। অ্যাপারচার মূলত ক্যামেরার লেন্সের ভেতর দিয়ে কতটা আলো প্রবেশ করবে, তা নিয়ন্ত্রণ করে। নতুন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী এটি পরিবর্তন করতে পারবেন।
তবে চাইলে এই কাজ ফোন নিজেও করতে পারবে। আলো কতটা আছে এবং ছবিতে কতটা গভীরতা প্রয়োজন, তা দেখে আইফোন স্বয়ংক্রিয়ভাবে অ্যাপারচার ঠিক করে নিতে পারবে। অ্যাপল জানিয়েছে, এই প্রযুক্তি তৈরিতে মানুষের চুলের চেয়েও পাতলা লেজার দিয়ে কাটা যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে।
ভারতের বাজারে আইফোন ১৮ প্রোর দাম শুরু হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ৯০০ রুপি বা প্রায় ২ লাখ ১৩ হাজার বাংলাদেশি টাকা থেকে। আর আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম শুরু হচ্ছে ১ লাখ ৭৯ হাজার ৯০০ রুপি বা ২ লাখ ৩৩ হাজার বাংলাদেশি টাকা থেকে।
দুটি মডেলই চার ধরনের স্টোরেজে পাওয়া যাবে।
আইফোন ১৮ প্রোর দাম :
২৫৬ গিগাবাইট : প্রায় ২ লাখ ১৩ হাজার টাকা
৫১২ গিগাবাইট : প্রায় ২ লাখ ৪৫ হাজার টাকা
১ টেরাবাইট : প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা
২ টেরাবাইট : প্রায় ৪ লাখ ৭ হাজার টাকা
আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম :
২৫৬ গিগাবাইট : প্রায় ২ লাখ ৩৩ হাজার টাকা
৫১২ গিগাবাইট : প্রায় ২ লাখ ৬৫ হাজার টাকা
১ টেরাবাইট : প্রায় ৩ লাখ ৮৯ হাজার টাকা
২ টেরাবাইট : প্রায় ৪ লাখ ২৬ হজাজর টাকা
নতুন আইফোনের জন্য ১২ সেপ্টেম্বর থেকে আগাম অর্ডার নেওয়া হবে। ১৮ সেপ্টেম্বর থেকে ফোন দুটি বিক্রি শুরু হবে। যুক্তরাষ্ট্রের বাজারে ২৫৬ গিগাবাইট স্টোরেজের আইফোন ১৮ প্রোর দাম শুরু হচ্ছে ১ হাজার ১৯৯ ডলার থেকে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা। অন্যদিকে ২৫৬ গিগাবাইটের আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম শুরু হচ্ছে ১ হাজার ২৯৯ ডলার থেকে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। অ্যাপল জানিয়েছে, একসঙ্গে পুরো দাম পরিশোধ করতে না চাইলে কিস্তিতে ফোন কেনার সুযোগও থাকবে। এ ব্যবস্থায় ক্রেতারা নির্দিষ্ট সময় ধরে ধাপে ধাপে ফোনটির দাম পরিশোধ করতে পারবেন। নতুন চিপ, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, বড় স্টোরেজ এবং পরিবর্তনযোগ্য অ্যাপারচারসহ উন্নত ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে আইফোন ১৮ প্রো সিরিজকে আগের মডেলের তুলনায় আরো শক্তিশালী করার চেষ্টা করেছে অ্যাপল।