আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার মধ্যে বিশ্ববাজারে দিন দিন বেড়েই চলছে তেলের দাম। গত এক সপ্তাহে দাম বেড়েছে ১০ ডলার পর্যন্ত।
সর্বশেষ তথ্যে দেখা যায়, শুক্রবার তেলের দাম দিনের হিসাবে কমলেও ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলারের ওপরে রয়েছে।
ব্রেন্টের দাম ১০৫ দশমিক ০৭ ডলার, যা দিনের হিসাবে ২ দশমিক ৩৮ শতাংশ কম। তবে এক সপ্তাহ আগের তুলনায় দাম বেড়েছে প্রায় ১০ ডলার।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৬০ ডলারে নেমেছে, যা দিনের হিসাবে ২ দশমিক ৮১ শতাংশ কম।
এদিকে পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির পর লোহিত সাগরের গুত্বপূর্ণ বাব আল-মানদাব প্রণালিতেও চাপ তৈরি হয়েছে। ইরান-সমর্থিত গোষ্ঠী হুতিদের তৎপরতায় এ অঞ্চলেও নৌবাণিজ্য ও জ্বালানি নিরাপত্তায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।
তবে আসন্ন নভেম্বরে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষ হলে তেলের দামও কমে আসবে বলে তিনি জানিয়েছেন।