সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৭:০৯

সৌদি যুবরাজকে ফোন করে পাকিস্তানের সিদ্ধান্ত জানিয়ে দিলেন শাহবাজ শরীফ

সৌদি যুবরাজকে ফোন করে পাকিস্তানের সিদ্ধান্ত জানিয়ে দিলেন শাহবাজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলার মধ্যে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রোববারের (১৩ সেপ্টেম্বর) এই ফোনালাপে সৌদি আরবের সামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলার তীব্র নিন্দা জানান পাকিস্তানি প্রধানমন্ত্রী।

এ সময় তিনি সৌদি নেতৃত্ব ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। শাহবাজ বলেন, হুথিদের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। এ ধরনের হামলা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তিনি, ফিল্ড মার্শাল আসিম মুনির এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দার উত্তেজনা কমাতে এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

যুদ্ধে জড়াবে পাকিস্তান?
সৌদি আরবের প্রতি পাকিস্তানের সমর্থনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার প্রেক্ষাপটে।

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক নতুন গঠিত ‘মক্কা ডিফেন্স অ্যালায়েন্স’-এর সদস্য। গত ৭ আগস্ট স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তির লক্ষ্য হলো সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা বাড়ানো। চুক্তিতে কোনো সদস্য দেশের ওপর হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে।

তবে শাহবাজ শরীফের সাম্প্রতিক বক্তব্যে পাকিস্তান সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর কোনো ঘোষণা দেয়নি। বরং তিনি উত্তেজনা প্রশমন ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন।

সৌদি যুবরাজও পাকিস্তানের অটল সমর্থনের প্রশংসা করেছেন। দুই নেতা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন।

এদিকে ইয়েমেনের হুথি যোদ্ধারা দাবি করেছে, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের শারুরাহ সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, হামলায় অস্ত্রের গুদাম এবং কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র লক্ষ্য করা হয়েছে।

এর আগে শনিবার রাতে সৌদি কর্তৃপক্ষ জানায়, সীমান্তের কাছে একটি এলাকায় হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল পড়েছে।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এতে দুজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মসজিদ, কয়েকটি ভবন ও যানবাহন।

ইয়েমেনে বাড়ছে লড়াই
হুথিদের সঙ্গে ইয়েমেনের সরকারি বাহিনীর লড়াইও নতুন করে তীব্র হয়েছে। ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, তারা লোহিত সাগরের বন্দরনগরী মোখায় হুথি যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এরপর দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাইজ এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, তাইজ অঞ্চলে হুথিদের অবস্থান ও ব্যারাকে তিনটি বিমান হামলা চালানো হয়েছে।

অন্যদিকে হুথিদের দাবি, গত ৪৮ ঘণ্টায় তাদের নিয়ন্ত্রিত এলাকায় সৌদি যুদ্ধবিমান ১২৯টি হামলা চালিয়েছে।

সূত্র: ডন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে