সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৯:৪১

মোদির সঙ্গে দেখা করে জমি দখলের বিচার চাইলেন ‘বাল্যবন্ধু’ আলী আসগর

মোদির সঙ্গে দেখা করে জমি দখলের বিচার চাইলেন ‘বাল্যবন্ধু’ আলী আসগর

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তার বাল্যবন্ধু ও স্কুল সহপাঠী আলী আসগর ভোহরা নামের এক ৮১ বছর বয়সী ব্যক্তি জমি দখলের অভিযোগ নিয়ে হাজির হয়েছেন।

গত ৮ সেপ্টেম্বর মোদির সঙ্গে দেখা করে মুম্বাইয়ের ভাইয়ান্ডার ইস্টের ওই জমি নিয়ে চলা বিরোধে হস্তক্ষেপ এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে দিয়ে তদন্তের দাবি জানান তিনি।

আলী আসগর ভোহরা বলেন, ১৯৮৯ সালে কেনা ওই জমি ২০১১ সালে দখল করে নেওয়া হয়। এর সমাধানে বছরের পর বছর বিভিন্ন সরকারি দপ্তর ও পুলিশের কাছে ঘুরেও কোনো সুরাহা পাননি তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গুজরাটের ভাদনগরের বিএন স্কুলে পড়ার সময় আসগারালি ভোহরা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহপাঠী ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় ভোহরা বলেন, জমি নিয়ে বিরোধের সমস্যা সমাধানের জন্য তিনি কয়েক বছর ধরে বিভিন্ন সরকারি দপ্তর ও পুলিশের কাছে ঘুরছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি।

আলী আসগর দাবি, ভাইয়ান্ডার ইস্টের নাভঘরে প্রায় ২ হাজার ৮১০ বর্গমিটার জমি নিয়ে এই বিরোধ। ১৯৮৯ সালে নিবন্ধিত চুক্তির মাধ্যমে তিনি ওই সম্পত্তি কিনেছিলেন বলে জানান।

৮১ বছর বয়সী এই ব্যক্তি অভিযোগ করেছেন, ২০১১ সালে ওই জমি দখল করে নেয়া হয়। এ ঘটনায় তিনি স্বয়ম বিল্ডার্স ও সেভেন ইলেভেন কনস্ট্রাকশনসের নাম উল্লেখ করেছেন। ভোহরার আরও অভিযোগ, জমিসংক্রান্ত নথিপত্র জাল করা হয়েছে এবং সম্পত্তির মূল মালিককেও পরবর্তী ঘটনাপ্রবাহ সম্পর্কে জানানো হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, পরে জমিটি দুটি ভাগে ভাগ করা হয় এবং দুই নির্মাণ প্রতিষ্ঠানের নামে এর দখল দেখানো হয়। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর স্থানীয় প্রশাসনও বিষয়টি নতুন করে গুরুত্ব দিয়ে দেখছে। আগামী ১৬ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। ওই শুনানিতে স্বয়ম বিল্ডার্স ও সেভেন ইলেভেন কনস্ট্রাকশনসের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

এই বিরোধে বিজেপির বিধায়ক নরেন্দ্র মেহতার নামও জড়িয়েছে। ভোহরা দাবি করেছেন, নরেন্দ্র মেহতার সঙ্গে সেভেন ইলেভেন কনস্ট্রাকশনসের সম্পর্ক রয়েছে।

এনডিটিভি বলছে, জমি বিরোধের ঘটনায় ২০১৫ সালে পুলিশি মামলা করা হয়েছিল। ভোহরা জানান, মামলা করার পরও তিনি কোনো সমাধান পাননি এবং বিষয়টির সমাধানের আশায় রাজস্ব দপ্তর, পৌর প্রশাসন ও পুলিশ বিভাগের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

দীর্ঘদিনের এই বিরোধের অবসানে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার সাক্ষাৎ কাজে আসবে বলে আশা প্রকাশ করেছেন ভোহরা। তবে দুই সাবেক সহপাঠীর এই অপ্রত্যাশিত সাক্ষাৎ মীরা-ভাইয়ান্ডার এলাকার দীর্ঘদিনের জমি বিরোধটিকে আবারও আলোচনায় নিয়ে এসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে