সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৫:১২

প্রথমবার ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সে ভ্যারিয়েবল অ্যাপারচার

প্রথমবার ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সে ভ্যারিয়েবল অ্যাপারচার

আন্তর্জাতিক ডেস্ক : স্মার্টফোনে ছবি তোলা বা ভিডিও করার সময়ে শুধু বেশি মেগাপিক্সেল থাকলেই চলে না, বরং কম আলোতে ছবির মান কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কতটা ব্লার হবে কিংবা ভিডিওর শব্দ কতটা পরিষ্কার শোনা যাবে—সেসব বিষয়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই জায়গাতেই বড় ধরনের আপগ্রেড নিয়ে এসেছে অ্যাপলের নতুন আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স। বিশেষ করে ক্যামেরার ক্ষেত্রে এমন কিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে, যা মোবাইল ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির সম্পূর্ণ ধারণাই বদলে দিতে পারে।

প্রথমবার আইফোনে ভ্যারিয়েবল অ্যাপারচার

আইফোন ১৮ প্রো সিরিজ়ের সবচেয়ে বড় ক্যামেরা আপডেট হলো ‘ভ্যারিয়েবল অ্যাপারচার’। ৪৮ মেগাপিক্সেলের ‘ফিউশন মেইন ক্যামেরা’-তে এই প্রথমবার অ্যাপারচার নিয়ন্ত্রণ করার সুবিধা নিয়ে এসেছে অ্যাপল। সহজ কথায়, ক্যামেরার লেন্সে ঠিক কতখানি আলো প্রবেশ করবে, তা পরিস্থিতির ওপর ভিত্তি করে পরিবর্তন করা যাবে। ফলে দিনের উজ্জ্বল রোদ হোক কিংবা স্বল্প আলো—সব পরিবেশেই আরও নিখুঁত ছবি তোলা সম্ভব হবে। শুধু স্বয়ংক্রিয় পদ্ধতিই নয়, ব্যবহারকারী চাইলে নিজে থেকে চারটি আলাদা অ্যাপারচার সেটিং পছন্দ করে নিতে পারবেন, যা মোবাইল ক্যামেরার ওপর নিয়ন্ত্রণ আরও বাড়িয়ে দেবে।

কম আলোতেও মিলবে স্পষ্ট ছবি

নতুন সেন্সর এবং ‘কম্পিউটেশনাল ফটোগ্রাফি’ প্রযুক্তির মাধ্যমে ছবির বিস্তারিত বা ডিটেলিং আরও বহুগুণ বাড়িয়ে তোলা যাবে বলে দাবি করেছে অ্যাপল। বিশেষ করে রাতের আঁধারে, ঘরের ভেতরে বা কোনো অনুষ্ঠানে একসঙ্গে অনেক মানুষের ছবি তোলার ক্ষেত্রে ছবির মান অত্যন্ত উন্নত হবে। পাশাপাশি, এই ক্যামেরার এআই প্রযুক্তি এতটাই উন্নত যে এটি ছবির ‘ডাইনামিক রেঞ্জ হাই’ রাখতে সাহায্য করে। অর্থাৎ চারপাশের আলো-ছায়ার খেলায় ব্যাকগ্রাউন্ডে আলো কম থাকলেও মিররলেস ক্যামেরার মতো চমৎকার এফেক্ট ফুটিয়ে তুলতে পারে অ্যাপলের এই নতুন সিরিজ়।

প্রসেসরেও আসছে বড় চমক

পূর্বে আইফোন ১৭ ও ১৭ প্রো-তে ১৯থ প্রো প্রসেসর ব্যবহার করা হলেও, নতুন ১৮ সিরিজ়ে ব্যবহার করা হয়েছে আধুনিক ২০থ প্রো প্রসেসর। এই শক্তিশালী প্রসেসরের কারণে ফোনের সার্বিক পারফরম্যান্সের পাশাপাশি ক্যামেরার মানও অনেক উন্নত হয়েছে।

মোবাইলেই মিলবে প্রফেশনাল ক্যামেরার নিয়ন্ত্রণ

ক্যামেরা অ্যাপে যুক্ত হয়েছে নতুন ‘প্রো কন্ট্রোলস’। এর মাধ্যমে ব্যবহারকারী নিজে অ্যাপারচার, শাটার স্পিড এবং হোয়াইট ব্যালান্স নিয়ন্ত্রণ করতে পারবেন। সঙ্গে থাকছে ‘হিস্টোগ্রাম’, যার সাহায্যে ছবি তোলার আগেই আলো ঠিকঠাক আছে কি না তা যাচাই করা সম্ভব। ফলে যাঁরা মোবাইল ফটোগ্রাফি করেন কিংবা সোশ্যাল মিডিয়ার জন্য রিল বানান, তাঁদের কাছে এই ফিচারগুলো অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে।

এআই প্রযুক্তির ব্যবহার

অ্যাপলের এই নতুন সিরিজ়ের ক্যামেরায় শক্তিশালী এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। চিত্র সাংবাদিক অর্ণব চক্রবর্তীর মতে, এই আপগ্রেডেড এআই টেকনোলজির সাহায্যে ছবি তোলার পরেও তার ‘ডেপথ অব ফিল্ড’ নিয়ন্ত্রণ করা যায়। এর ফলে ছবির ব্লার বা ঝাপসা ভাব কেমন হবে, তা নিজের মতো করে নিয়ন্ত্রণ করা সম্ভব। যার ফলে মিররলেস ক্যামেরায় ছবি তুললে যে ধরনের প্রফেশনাল লুক পাওয়া যায়, ঠিক তেমনটাই পাওয়া যাবে।

ভিডিও রেকর্ডিংয়েও বড় আপডেট

শুধু ছবি তোলাই নয়, ভিডিওর ক্ষেত্রেও বেশ কিছু নতুন সুবিধা রাখা হয়েছে। ভিডিও রেকর্ড করার পরেও তাতে ‘সিনেমেটিক এফেক্ট’ প্রয়োগ করা সম্ভব। ফলে শুটিংয়ের সময় কোনো দৃশ্য বাদ পড়ে গেলেও পরবর্তী সময়ে তা এডিট করে নেওয়ার সুযোগ থাকছে। এছাড়া ফোরকে ডলবি ভিশন এইচডিআর টাইম-ল্যাপস এবং উন্নত অডিও মিক্সের সুবিধাও মিলবে। নতুন অ্যালগরিদমের সাহায্যে ভিডিওতে কথা বলার সময় কণ্ঠস্বর আরও পরিষ্কার করার পাশাপাশি আশপাশের অপ্রয়োজনীয় বা অন্য শব্দ আলাদা করে অডিওর মান আরও অনেক উন্নত করা হবে।

ছবি আসল না কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি, বোঝার উপায়

আইফোন ১৮ প্রো মডেলে যুক্ত করা হয়েছে ‘অ্যাপল রেফারেন্স ইমেজ’। এর মাধ্যমে কোনো ছবি তোলার পর মূল ছবির সঙ্গে এডিট করা ছবির তুলনা করা সম্ভব হয়। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কিংবা কোনো পরিবর্তিত ছবি শনাক্ত করার ক্ষেত্রে মেটাডেটা ব্যবহার করে ছবিটি এআই নির্মিত কি না, তা সহজেই চিনে নেওয়া যাবে। সব মিলিয়ে, আইফোন ১৮ প্রো-এর ক্যামেরা কেবল ছবি তোলার অভিজ্ঞতাকেই সুন্দর করে না, বরং ব্যবহারকারীকে ছবি ও ভিডিও তৈরির ক্ষেত্রে আরও বেশি নিয়ন্ত্রণ দেয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে