আন্তর্জাতিক ডেস্ক : গেম নির্মাতাদের জন্য একগুচ্ছ নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে জনপ্রিয় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স। এর ফলে নির্মাতারা রোবলক্সের মূল অ্যাপ্লিকেশনের বাইরে নিজেদের তৈরি গেম আলাদা অ্যাপ হিসেবে মোবাইল ফোন, কম্পিউটার ও বিভিন্ন গেম কনসোলে প্রকাশ করতে পারবেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আয়োজিত নির্মাতাদের সম্মেলনে এ পরিকল্পনার কথা জানায় প্রতিষ্ঠানটি। রোবলক্সের ভাষ্য, আলাদা অ্যাপ হিসেবে গেম চালানোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সেবা তারা সরবরাহ করবে। এতে নির্মাতাদের গেম আরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছানো সহজ হবে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ গুগল ক্রোম ব্রাউজার থেকেই সরাসরি রোবলক্সের গেম খেলার সুযোগ মিলবে। এজন্য আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না। ব্যবহারকারীরা গেমের তথ্যসংবলিত পাতা থেকেই সরাসরি গেম চালু করতে পারবেন। ভবিষ্যতে অন্যান্য ব্রাউজারেও এ সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।
নতুন আপডেটের অংশ হিসেবে একই গেমে অনলাইন ও অফলাইন—দুই ধরনের খেলার সুবিধাও যুক্ত হচ্ছে। ফলে ইন্টারনেট সংযোগ না থাকলেও একক খেলোয়াড়ের (সিঙ্গেল-প্লেয়ার) অভিযানভিত্তিক গেম খেলা সম্ভব হবে।
এদিকে গেম উন্নয়ন প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে রোবলক্স। এ লক্ষ্যে ‘বিল্ড’, ‘সিন জেনারেটর’ এবং এআইচালিত চরিত্র তৈরির মতো নতুন টুল যুক্ত করা হচ্ছে।
গত জুলাইয়ে চালু হওয়া ‘বিল্ড’ সুবিধার মাধ্যমে শুধু লিখিত নির্দেশনা দিয়েই একটি পূর্ণাঙ্গ গেম তৈরি, পরীক্ষা ও প্রকাশ করা যায়। রোবলক্সের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই টুল ব্যবহার করে প্রায় ৯ হাজার গেম প্রকাশ হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এসব গেমের নির্মাতাদের ৭১ শতাংশ আগে কখনো রোবলক্স স্টুডিও ব্যবহার করেননি।
এ বছরের শেষ দিকে ‘সিন জেনারেটর’ সুবিধাও চালু হতে পারে। এর মাধ্যমে লিখিত নির্দেশনা এবং একটি নমুনা ছবি ব্যবহার করে গেমের জন্য প্রয়োজনীয় পরিবেশ বা দৃশ্যপট তৈরি করা যাবে। পাশাপাশি গেম পরীক্ষার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চরিত্র ব্যবহারের পরিকল্পনাও করছে রোবলক্স।