আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জেদ্দা, পবিত্র নগরী মক্কা ও তাইফে সম্ভাব্য বিপদ আশঙ্কা নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এ সতর্কতা দেওয়া হয়। সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দেশটিতে হামলা শুরু করার পর এই প্রথম পবিত্র এই নগরীতে এ ধরনের সতর্কতা জারি করা হলো। বার্তায় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, জাতীয় জরুরি আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে সতর্কবার্তাগুলো পাঠানো হয়েছে। তবে সম্ভাব্য বিপদের ধরন সম্পর্কে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
সতর্কবার্তায় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে দ্রুত কাছের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। সম্ভব হলে ভবনের ভেতরে বা জানালা থেকে দূরে কোনো অভ্যন্তরীণ কক্ষে আশ্রয় নিতে বলা হয়। বিপদ কেটে যাওয়ার আগ পর্যন্ত সেখানে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
খোলা জায়গা, জানালা, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে সিভিল ডিফেন্স। বাইরে থাকা ব্যক্তিদের কাছের কোনো ভবনে ঢুকে আশ্রয় নিতে অথবা শক্ত কোনো আড়ালের পেছনে অবস্থান করতে বলা হয়।
গাড়িচালকদের সতর্কবার্তা পেলে সেতু ও উঁচু ভবন থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি থামাতে বলা হয়েছে। পাশাপাশি জনসমাগম ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলা এবং সরকারি মাধ্যমের নির্দেশনা অনুসরণ করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সৌদি আরব ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ও সংঘর্ষের মধ্যেই এ সতর্কতা জারি করা হলো। গত কয়েক দিনে হুতিরা সৌদির বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে সৌদি কর্তৃপক্ষের দাবি। এর জবাবে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি বাহিনী। সূত্র : আনাদোলু এজেন্সি