আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর পর পাল্টে গেল স্বর্ণের বাজার। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সোনার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩১২ দশমিক ০৫ ডলারে উঠেছে।
এর আগে গত বুধবার প্রায় ছয় সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল সোনার মূল্য। তবে ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে ৪ হাজার ৩৫১ ডলারে দাঁড়িয়েছে।
বুধবার ফেড সুদহার বাড়িয়েছে এবং আগামী কয়েক মাসে আরো সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। সোনাকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার উপায় হিসেবে বিবেচনা করা হয়। তবু উচ্চ সুদের হারের পরিবেশে সুদ-প্রদানকারী সম্পদের আকর্ষণ বেড়ে যাওয়ায় সোনার প্রতি আগ্রহ কমে যায়।
অন্যদিকে স্পট রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩ দশমিক ৮৩ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭২ দশমিক ১৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ২৯১ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে, দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপার গহনা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায়। একই মানের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৬ টাকা।
বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকায়। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। এ ছাড়া কম দামি বা সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকায়।