আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বিভিন্ন এলাকায় আবারও ‘সম্ভাব্য বিপদ’-এর সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে আগের সতর্কতা তুলে নেওয়ার কয়েক মিনিট পরই নতুন করে এসব সতর্কতা জারি করা হয়।
কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, নতুন সতর্কতার আওতায় রয়েছে জাজান ও আবহা অঞ্চল, পাশাপাশি খামিস মুশাইত, জেদ্দা, তায়েফ ও ইয়ানবু গভর্নরেট।
রয়টার্স জানিয়েছে, সতর্কতাগুলোতে সম্ভাব্য বিপদের ধরন নির্দিষ্ট করে জানানো হয়নি। বাসিন্দাদের সতর্ক থাকতে এবং কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথিদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা বেড়েছে। এর মধ্যেই দেশটির বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে সতর্কতা জারি করা হচ্ছে। গত কয়েক দিনেও জেদ্দা, তায়েফ, আবহা, জাজান ও ইয়ানবুসহ বিভিন্ন এলাকায় সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করা হয়েছিল।