আন্তর্জাতিক ডেস্ক : সৌরজগতের বাইরের দূরবর্তী এক গ্রহ থেকে প্রথমবারের মতো সরাসরি রেডিও সংকেত শনাক্ত করেছেন জোতির্বিজ্ঞানীরা। ‘বিটা পিকটোরিস বি’ নামের একটি বিশালাকার গ্যাসীয় গ্রহ থেকে আসা এই সংকেত জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে এক নতুন মাইলফলক উন্মোচন করেছে।
পূর্বে অন্যান্য ভিনগ্রহের সৌরজগৎ থেকে রেডিও সংকেত পাওয়া গেলেও সেগুলোর উৎস নির্দিষ্ট ছিল না। বিজ্ঞানীরা নিশ্চিত হতে পারতেন না সংকেতটি নক্ষত্র নাকি কোনো গ্রহ থেকে এসেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড অ্যান্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স-এর গবেষক কেভিন ওরটিজ সেবালোসের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল নিশ্চিত করেছেন, এই সংকেতটি সরাসরি নির্দিষ্ট সেই গ্রহ থেকেই আসছে।
তবে গবেষকরা স্পষ্ট করেছেন, এটি ভিনগ্রহের প্রাণীদের (এলিয়েন) কোনো যোগাযোগের প্রমাণ নয়।
মূলত গ্রহটির শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের কারণে সৃষ্ট ‘অরোরা’ থেকে এই রেডিও তরঙ্গ উৎপন্ন হচ্ছে। চার্জিত কণা যখন গ্রহের বায়ুমণ্ডলের উপরিভাগের সঙ্গে মিথস্ক্রিয়া করে, তখন এই ধরনের সংকেতের সৃষ্টি হয়। পৃথিবীতে যা ‘উত্তর মেরুপ্রভা’ (নর্দার্ন লাইটস) হিসেবে পরিচিত।
পৃথিবী থেকে প্রায় ৬৪ আলোকবর্ষ দূরে অবস্থিত ‘বিটা পিকটোরিস’ সৌরজগৎ পর্যবেক্ষণ করতে গবেষকরা দক্ষিণ আফ্রিকার ‘মিরক্যাট’ রেডিও টেলিস্কোপ ব্যবহার করেন।
প্রথমে এই ব্যবস্থা থেকে মৃদু ও পুনরাবৃত্তিমূলক রেডিও সংকেত পান তারা। পরে সংকেতটির উৎস নিখুঁতভাবে শনাক্ত করতে গবেষকরা টেলিস্কোপের ছবিগুলোর সঙ্গে অতি-দূরবর্তী ব্যাকগ্রাউন্ড ‘কোয়েসার’-এর অবস্থান মিলিয়ে একটি মানচিত্র তৈরি করেন। সেই মানচিত্রের ওপর রেডিও সংকেত ফেলার পর দেখা যায়, তরঙ্গটির অবস্থান নক্ষত্রের সঙ্গে নয়, বরং ‘বিটা পিকটোরিস বি’ গ্রহের অবস্থানের সঙ্গে হুবহু মিলে গেছে।
এই সংক্রান্ত গবেষণাপত্রটি সম্প্রতি বিখ্যাত প্রিপ্রিন্ট সার্ভার ‘আর্কাইভ’-এ প্রকাশিত হয়েছে। সংকেত বিশ্লেষণের পর গবেষকরা জানান, রেডিও তরঙ্গ তৈরি হওয়া অঞ্চলে গ্রহটির চৌম্বক ক্ষেত্রের তীব্রতা কমপক্ষে ১,২৫০ গাউস।
এটি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির চৌম্বক ক্ষেত্রের চেয়েও বহুগুণ বেশি শক্তিশালী। এর মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো সৌরজগতের বাইরের কোনো গ্রহের চৌম্বক ক্ষেত্রের শক্তি সরাসরি পরিমাপ করা সম্ভব হলো।