রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫২:১৪

ঐতিহাসিক প্লাকা এলাকায় বিস্ফোরণ, ধসে গেল ভবন, ৬ জনের মৃত্যু

ঐতিহাসিক প্লাকা এলাকায় বিস্ফোরণ, ধসে গেল ভবন, ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় বিস্ফোরণের পর একটি ভবন ধসে ছয়জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছেন।

নিহতদের মধ্যে চারজন—দুই পুরুষ ও দুই নারী—যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলে গ্রিক রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তাদের সঙ্গে পাওয়া কাগজপত্র ও ব্যক্তিগত জিনিসপত্র থেকে এ তথ্য জানা যায়।

অন্য দুই নিহত ব্যক্তি ছিলেন এক বৃদ্ধ দম্পতি—একজন ব্রিটিশ পুরুষ ও একজন গ্রিক নারী। তারা ভবনটির দ্বিতীয় তলায় বসবাস করতেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, পাশের একটি ভবনে থাকা দুই নারী আহত হয়েছেন।

শুক্রবার জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় দুই তলা ভবনটি বিস্ফোরণের পর ধসে পড়ে। এথেন্সের মেয়র হারিস দুকাসের ধারণা, বড় ধরনের গ্যাস লিক থেকেই বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। এতে আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয় এবং সেগুলো খালি করে দেওয়া হয়।

মেয়র বলেন, বিস্ফোরণের ক্ষয়ক্ষতি পুরো সড়কজুড়ে ছড়িয়ে পড়েছে এবং পাশের দুটি ভবন এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো ভেঙে ফেলতে হতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের প্রায় এক বছর আগে তারা এলাকায় গ্যাস লিক ও বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঝুঁকি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন।

এ ছাড়া বিস্ফোরণের স্থানের একটি বাড়ির বাসিন্দা কয়েক সপ্তাহ ধরে গ্যাসের গন্ধ পাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন

বলেও স্থানীয় একটি নাগরিক সংগঠন দাবি করেছে। গ্রিক পুলিশও বাসিন্দাদের এমন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ঠিক কোন পদার্থ থেকে বিস্ফোরণ ঘটেছে এবং তার উৎস কী ছিল, তা এখনো নিশ্চিত হয়নি। তথ্যসূত্র: আল জাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।