বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ১২:৩২:১৩

জেমিনি ৩ প্রকাশের এক বছর পর আসছে জেমিনি ৪

জেমিনি ৩ প্রকাশের এক বছর পর আসছে জেমিনি ৪

দীর্ঘ প্রতীক্ষিত পরবর্তী প্রজন্মের এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ উন্মোচন করছে গুগল। গুগলের মডেল লাইনআপের শীর্ষে দীর্ঘ বিরতির পর জেমিনি ৪ আসছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) কোম্পানিটি জানিয়েছে, প্রাথমিকভাবে সাইবার নিরাপত্তা খাতের একটি ছোটসংখ্যক অংশীদারের কাছে মডেলটি দেওয়া হচ্ছে।

গুগল বলছে, জেমিনি ৪ আর্গন সফটওয়্যার প্রকৌশল, অর্থনীতি, আইন এবং সাইবার নিরাপত্তার মতো ক্ষেত্রে জটিল ও দীর্ঘমেয়াদি কাজ পরিচালনার জন্য তৈরি করা হয়েছে।

গুগল কোম্পানিটি এ সময়ে তুলনামূলক ছোট ও কম খরচের ‘ফ্ল্যাশ’ মডেল বাজারে আনলেও প্রতিদ্বন্দ্বী ওপেনএআই ও অ্যানথ্রপিক দ্রুত এগিয়ে গেছে।

গুগলের দাবি, নতুন মডেলটি কিছু কোডিং ও জ্ঞানভিত্তিক কাজের বেঞ্চমার্কে এখন পর্যন্ত সর্বোচ্চ মানের পারফরম্যান্স দেখিয়েছে এবং কয়েকটি পরীক্ষায় প্রতিদ্বন্দ্বী ওপেনএআইয়ের ফ্রন্টিয়ার মডেল জিপিটি-৬ অ্যাস্ট্রাকে ছাড়িয়ে গেছে।

আপাতত গুগল মডেলটি শুধু বিশ্বস্ত কিছু সাইবার নিরাপত্তা রক্ষাকারী প্রতিষ্ঠানের কাছে দিচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র সরকারের স্বেচ্ছামূলক প্রি-রিলিজ পরীক্ষামূলক কার্যক্রমেও অংশ নিচ্ছে।

গুগল জানিয়েছে, আরও পরীক্ষা-নিরীক্ষার পর মডেলটির ব্যবহার বাড়ানো হবে। অর্থের বিনিময়ে সেবা নেওয়া গ্রাহকেরাই প্রথমে এটি ব্যবহারের সুযোগ পাবেন।

গুগল ডিপমাইন্ডের জেমিনি পণ্যের প্রধান তুলসি দোশি অ্যাক্সিওসকে বলেন, ‘আর্গন একটি ভারসাম্যপূর্ণ মডেল, যা বিভিন্ন ক্ষেত্রে ফ্রন্টিয়ার পর্যায়ের সক্ষমতা দেখাতে পারে।’

তিনি বলেন, ‘গত কয়েক সপ্তাহে গুগলের কর্মীরা মডেলটিকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। নিজেদের সবচেয়ে কঠিন কোডিং ও গবেষণার সমস্যাগুলো সমাধানে অনেকে এটি ব্যবহার করে শক্তিশালী পারফরম্যান্স পেয়েছেন।’

তবে, বুধবার ব্লুমবার্গ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গুগলের কিছু কর্মী অভ্যন্তরীণ পরীক্ষায় নতুন মডেলটির পারফরম্যান্স প্রত্যাশার তুলনায় দুর্বল বলে মনে করেছেন। কিন্তু গুগল ব্লুমবার্গকে জানিয়েছে, এই তথ্য সঠিক নয়।

এখানেই বেঞ্চমার্ক নিয়ে একটি বড় প্রশ্ন রয়েছে। কোনো মডেলকে নির্দিষ্ট বেঞ্চমার্কে ভালো করার জন্য প্রশিক্ষিত করা সম্ভব। কিন্তু বাস্তব জগতে ব্যবহার করাই শেষ পর্যন্ত এর প্রকৃত সক্ষমতা ও ফলাফল নির্ধারণ করবে। আগের ফ্ল্যাগশিপ প্রজন্মের মডেল জেমিনি ৩ প্রকাশের প্রায় এক বছর পর আসছে জেমিনি ৪।

মে মাসে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছিলেন, কোম্পানির পরবর্তী বড় মডেল জুনে প্রকাশ করা হবে। ওই মডেলটি জেমিনি ৩.৫ প্রো হবে বলে ব্যাপকভাবে ধারণা করা হলেও শেষ পর্যন্ত সেটি প্রকাশ করা হয়নি।

জুলাইয়ে অ্যাক্সিওস জানিয়েছিল, গুগল ডিপমাইন্ডের কর্মীদের মধ্যে দুর্বল মনোবলও মডেলটি প্রকাশে বিলম্বের অন্যতম কারণ ছিল।

ডেভেলপাররা যদি বেঞ্চমার্কে পাওয়া ফলাফলের মতোই জেমিনি ৪-কে ওপেনএআই ও অ্যানথ্রপিকের ফ্রন্টিয়ার মডেলগুলোর সঙ্গে প্রতিযোগিতামূলক বলে মনে করেন, তাহলে এটি এআই দৌড়ে গুগলের জন্য বড় ধরনের ঘুরে দাঁড়ানোর ঘটনা হতে পারে। কারণ, এরই মধ্যে কেউ কেউ গুগলের এআই সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।