বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ০৪:৪৮:১৮

হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন ‘পেরেন্টাল কন্ট্রোল’ ব্যবস্থা

হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন ‘পেরেন্টাল কন্ট্রোল’ ব্যবস্থা

কিশোর-কিশোরী ও সন্তানদের অনলাইন সুরক্ষায় হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন ‘পেরেন্টাল কন্ট্রোল’ ব্যবস্থা। বিশ্বজুড়ে অনলাইনে শিশু নিরাপত্তা নিয়ে কড়াকড়ি বাড়ায় এই উদ্যোগ নিয়েছে বার্তা আদান-প্রদানকারী প্রতিষ্ঠানটি। 

ফলে এখন থেকে সন্তানরা কীভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে এবং অ্যাপটিতে তারা কী ধরনের কনটেন্ট দেখতে পাচ্ছে, তা মা-বাবারা খুব সহজেই তদারকি ও নিয়ন্ত্রণ করতে পারবেন।

নতুন এই ফিচারের মাধ্যমে মা-বাবারা নিজেরা ঠিক করে দিতে পারবেন সন্তানের প্রোফাইলের ছবি কারা দেখতে পারবে কিংবা নতুন কোনো গ্রুপে তাকে কে যুক্ত করতে পারবে। 

পাশাপাশি, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ও চ্যানেলে সন্তান কী ধরনের কনটেন্ট দেখতে পাবে, তাও নির্ধারণ করে দেওয়া যাবে। 

শুধু তাই নয়, সন্তান যেসব গ্রুপে যুক্ত রয়েছে সেখানে কোনো গুরুত্বপূর্ণ কার্যক্রম বা পরিবর্তন হলে মা-বাবার কাছে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে।

এই সেবাটি ব্যবহার করা সবার জন্য বাধ্যতামূলক নয়, বরং মা-বাবারা চাইলে নিজেদের নির্ধারিত একটি পিন কোড সেট করে এটি চালু করতে পারবেন। এমনকি যেকোনো সময় এই সেটিংস পরিবর্তন বা বন্ধ করার সুযোগও রাখা হয়েছে। 

হোয়াটসঅ্যাপের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘মেটা এআই’ ব্যবহারের ক্ষেত্রেও এই বাড়তি সুরক্ষাবলয় কাজ করবে। 

তবে হোয়াটসঅ্যাপ স্পষ্ট জানিয়েছে, এই তদারকির কারণে ব্যক্তিগত মেসেজ বা কলের গোপনীয়তা নষ্ট হবে না; মা-বাবারাও সন্তানের ব্যক্তিগত চ্যাট দেখতে বা কল শুনতে পারবেন না। 

বর্তমানে সামাজিক মাধ্যমগুলোতে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের পরিচয় ও বয়স নিশ্চিত করার জন্য জাতীয় পরিচয়পত্র কিংবা মুখের ছবি নেওয়ার জোরালো তাগিদ দেওয়া হচ্ছে। 

কিন্তু এসব সংবেদনশীল তথ্য সংগ্রহ করলে ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা ভেস্তে যাওয়ার ঝুঁকি থাকে। তাই হোয়াটসঅ্যাপ সবার ওপর ঢালাওভাবে বয়স যাচাই চাপিয়ে না দিয়ে মা-বাবাদের হাতেই তদারকির ক্ষমতা তুলে দেওয়ার এই সহজ পথটি বেছে নিয়েছে।  সূত্র: সামা টিভি 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।