শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬, ১১:০০:১৮

পানিতে ডুবে আট শিক্ষার্থীর মৃত্যু

পানিতে ডুবে আট শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার দিভেগার সমুদ্রসৈকতের পানিতে ডুবে আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের সবাই ১৬ বছর বয়সি। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, পুনের আলান্দির একটি বেসরকারি কোচিং সেন্টার ‘উইনার্স একাডেমি’র ৪৮ সদস্যের একটি দল শিক্ষাসফরে দিভেগার সৈকতে যায়। দলটিতে ২৫ জন ছেলে, ১৭ জন মেয়ে ও ছয়জন শিক্ষক ছিলেন। এর আগে প্রায় ১৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা বিকাল সাড়ে ৫টার দিকে সৈকতে পৌঁছান। একপর্যায়ে আট শিক্ষার্থী সমুদ্রে নামেন। পানির গভীরতা ও স্রোতের তীব্রতা বুঝতে না পেরে তারা স্রোতে ভেসে যায়।

ঘটনার পরপরই দিভেগারের স্থানীয় ‘ভাউ মারুতি সালুনখে মহাকালী ওয়াটার স্পোর্টস’-এর মালিক ভাউ সালুনখে ও তার সহযোগীরা উদ্ধার অভিযান শুরু করেন। ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে তারা আট শিক্ষার্থীর মরদেহ সমুদ্র থেকে উদ্ধার করেন।

খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার সহকারী পুলিশ পরিদর্শক (এপিআই) সন্তোষ আওয়াতি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ মরদেহগুলো উদ্ধার করে বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। সেখানে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

নিহত শিক্ষার্থীরা হলেন- তানময় দত্তাত্রেয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বনসোদে, কৈবল্য সতীশ ওয়াসানকার, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়ানখেড়ে, সোহম তুকারাম ভান্ডওয়ালকার ও কৌশ্তুভ সন্দীপ দাউন্ড।

ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মরদেহগুলো আলান্দিতে নিয়ে আসার জন্য স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সমন্বয় করছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী গিরিশ মহাজন। শিক্ষা সফরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নিরাপত্তা নির্দেশিকা প্রণয়নের কথাও জানিয়েছেন তিনি। একই সঙ্গে কোচিং সেন্টার কর্তৃপক্ষের দায়বদ্ধতা নির্ধারণের ওপর জোর দিয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।