শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬, ০৫:২৫:১০

রাতভর রাশিয়ার ড্রোন হামলার পর সেতু বন্ধ, কিয়েভে তীব্র যানজট

রাতভর রাশিয়ার ড্রোন হামলার পর সেতু বন্ধ, কিয়েভে তীব্র যানজট

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার নতুন দফায় ভয়াবহ ড্রোন হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে তীব্র যানজট তৈরি হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ একটি সেতু পুরোপুরি বন্ধ করে দেওয়া এবং অন্য কয়েকটি সেতুতে চলাচল সীমিত করায় শুক্রবার (২ অক্টোবর) প্রধান সড়কগুলোতে দীর্ঘ সময় ধরে গাড়ি ও বাস আটকে থাকতে দেখা গেছে। খবর এএফপির।

কিয়েভের পূর্ব ও পশ্চিম অংশকে দনিপ্রো নদীর ওপর দিয়ে যুক্ত করা আটটি সেতুর একটি সাউদার্ন ব্রিজ। ড্রোন হামলার পর সেতুটিতে দুই দিকের যান চলাচলই বন্ধ করে দেওয়া হয়েছে।

শহরের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, আরও উত্তরে অবস্থিত পাটন ব্রিজে একদিকে যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে সেতুটিতে হামলা হয়েছে; এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

ক্লিৎসকো বলেন, বৃহস্পতিবার রুশ ড্রোন সাউদার্ন ব্রিজের অবকাঠামোর বিভিন্ন অংশে আঘাত হানে। কাঠামোর নিরাপত্তা যাচাই করতে সাময়িকভাবে সেতুটি বন্ধ করা হয়। পরে যানবাহন ও মেট্রো ট্রেন চলাচলের জন্য এটি আবার খুলে দেওয়া হলেও বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে সেতুটিতে ফের একাধিক ড্রোন হামলা হয়।

তার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতের দ্বিতীয় হামলায় সেতুর একটি পিলার, সড়কের পৃষ্ঠ এবং মেট্রো লাইনের পাশের সুরক্ষামূলক কংক্রিটের ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকেই দেশটির গুরুত্বপূর্ণ পরিবহন সেতুগুলোতে হামলার আশঙ্কা রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আরও বেড়েছে। এতে প্রায় সারাক্ষণই বিমান হামলার সতর্কতা জারি থাকছে এবং রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

শহরটির আনুমানিক ৩০ লাখ বাসিন্দাকে প্রায় দিন-রাতই আকাশপথে হামলার সতর্কসংকেত শুনে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এরই মধ্যে ট্রেন ও জ্বালানি স্টেশনে একাধিক হামলার কারণে দেশটির রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভে আবাসিক ভবনে হামলা

সর্বশেষ রুশ হামলায় কিয়েভের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি ২৫ তলা আবাসিক ভবনে আঘাত হানে। এতে একজন নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন।

অগ্নিনির্বাপক কর্মীরা বিস্ফোরণের পর ভবনে লাগা আগুন নেভানোর সময় একজনের মরদেহ উদ্ধার করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার নতুন ধরনের জেটচালিত ড্রোন তৈরিতে বাধা দিতে দেশগুলোর প্রতি নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন। তার দাবি, নতুন এসব ড্রোন আগের মডেলের তুলনায় দ্রুতগতির এবং প্রতিহত করা কঠিন। তবে এগুলো তৈরিতে বিদেশি যন্ত্রাংশের ওপর ‘অত্যন্ত বেশি নির্ভরশীলতা’ রয়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি লিখেছেন, ‘প্রকৃতপক্ষে প্রতিটি রুশ ড্রোন উৎপাদন লাইনেই থামানো সম্ভব। এর জন্য প্রয়োজন সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা।’

তিনি আরও বলেন, ‘ক্রেমলিন যদি আরও হামলার পথ বেছে নেয়, তাহলে নিষেধাজ্ঞাকে কার্যকর করতে হবে এবং আরও শক্তিশালী করতে হবে।’

ইউক্রেনের পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরও সামরিক সহায়তা চেয়ে আসছেন জেলেনস্কি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পাওয়ার ওপর জোর দিয়ে আসছে কিয়েভ।

জেলেনস্কি আরও জানান, ইউক্রেন প্রথমবারের মতো যুদ্ধে এফপি-৭ কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে কোথায় এবং কোন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এটি ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। সূত্র : ইউরো নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।