আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় ভিসা নিয়ে এবার এলো নতুন খবর। কেবল হাতে একটি বৈধ ভিসা থাকলেই কোনো বিদেশি নাগরিকের জন্য ভারতে প্রবেশাধিকার নিশ্চিত হয়ে যায় না বলে জানিয়েছে ভারতের দিল্লি হাইকোর্ট। দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে অভিবাসন বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ চাইলে যেকোনো বিদেশিকে দেশে ঢোকা থেকে আটকাতে পারে।
তুর্কমেনিস্তানের এক নারী নাগরিকের করা একটি মামলার শুনানির সময় আদালত এই কথা স্পষ্ট করে। ওই নারী একটি বৈধ ব্যবসায়িক ভিসা নিয়ে ভারতে পৌঁছালেও ইমিগ্রেশন বিভাগ তাকে দেশে প্রবেশ করতে না দিয়ে ফেরত পাঠিয়ে দেয়। এরপর তিনি ও তার স্বামী এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য হাইকোর্টে যান।
আদালত এই মামলার বিশদ পর্যালোচনায় দেখেছে যে, ওই নারী এর আগে মাত্র এক বছরে প্রায় ৪৭ বার ভারতে যাতায়াত করেছিলেন এবং তার বেশিরভাগ সফরই ছিল খুব স্বল্পসময়ের। এছাড়া, তার কাছে কোনো প্রকৃত ব্যবসার প্রমাণপত্র বা আমন্ত্রণপত্র ছিল না, অথচ তিনি ব্যবসার ভিসা নিয়েছিলেন।
বিচারপতিরা জানান, বিদেশ থেকে ভিসা পাওয়া এবং দেশে পৌঁছে ইমিগ্রেশন পার হওয়া দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। ভিসা থাকা মানেই কাউকে দেশে ঢুকতেই দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।
দেশের সার্বিক নিরাপত্তা ও নিয়মের কথা মাথায় রেখেই অভিবাসন কর্তৃপক্ষ এই ধরনের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে থাকে। সব দিক বিবেচনা করে আদালত ওই নারীর ভারতে প্রবেশে বাধা দেওয়ার সিদ্ধান্তকেই সঠিক বলে বহাল রেখেছে। সূত্র: দ্য হিন্দু।