বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ০৪:১৫:৩৫

প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব

প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব। এখন থেকে উচ্চদক্ষ বিদেশি কর্মীরা নিজেদের কাজের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই উদ্যোগের কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এ ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাতের গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ব্যবস্থার আওতায় যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েদের সৌদি আরবে আনতে পারবেন।

এ ক্ষেত্রে কর্মীর চাকরির ভিসা প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় পরিবারের যোগ্য সদস্যদের প্রবেশ ভিসার আবেদনও করা যাবে। তবে সংশ্লিষ্ট সব শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করতে হবে।

নতুন ব্যবস্থার ফলে উচ্চদক্ষ বিদেশি কর্মীদের নিজেদের কর্মসংস্থান ভিসা সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করে এরপর পরিবারের সদস্যদের ভিসা প্রক্রিয়া শুরু করতে হবে না। অর্থাৎ, কর্মীর ভিসা প্রক্রিয়ার সঙ্গে একই সময় পরিবারের সদস্যদের সৌদি আরবে প্রবেশের প্রক্রিয়াও শুরু করা যাবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবারের সদস্যরা দেশটিতে প্রবেশের পর প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী তাদের রেসিডেন্স পারমিট বা ইকামা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

কর্তৃপক্ষের মতে, নতুন এই উদ্যোগের মাধ্যমে উচ্চদক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা ও পরিবার নিয়ে সৌদিতে বসবাসের প্রক্রিয়া আরও সহজ হবে। পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নেও এটি ভূমিকা রাখবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।