শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬, ০৭:০৩:৪৩

ঘূর্ণিঝড় ধেয়ে আসছে ১৬৫ কিমি বেগে, বড় বিপদের আশঙ্কা যেসব এলাকায়

ঘূর্ণিঝড় ধেয়ে আসছে ১৬৫ কিমি বেগে, বড় বিপদের আশঙ্কা যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘ইসাইয়াস’। উপসাগরীয় উপকূলের দিকে অগ্রসর হওয়ার পথে আরো শক্তিশালী হয়ে ক্যাটাগরি-২ হারিকেনে পরিণত হয়েছে ঝড়টি।

মিয়ামিভিত্তিক হারিকেন কেন্দ্র জানিয়েছে, শুক্রবার শেষ রাতে অথবা শনিবার ভোরে স্থলভাগে আঘাত হানার সময় ঝড়টি আরো বেশি শক্তিশালী হতে পারে। এর ফলে ফ্লোরিডা প্যানহ্যান্ডেল, দক্ষিণ আলাবামা এবং দক্ষিণ মিসিসিপি অঞ্চলে বড় ধরনের বিপদের আশঙ্কা করা হচ্ছে।

প্রশাসন ও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শক্তিশালী ক্যাটাগরি ২ হারিকেন ‘ইসাইয়াস’-এর আঘাতে উপকূলীয় অঞ্চলে বড় ধরনের বিপদের আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, ‘ইসাইয়াস’-এর সর্বোচ্চ একটানা বাতাসের গতি ঘণ্টায় ১০৫ মাইল (১৬৫ কিলোমিটার)। এটি ঘণ্টায় ১৪ মাইল (২২ কিলোমিটার) গতিতে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং মিসিসিপি নদীর মোহনা থেকে প্রায় ২৩০ মাইল (৩৭০ কিলোমিটার) দক্ষিণে অবস্থান করছে।

মিসিসিপির ওশান স্প্রিংস থেকে ফ্লোরিডার বে-গালফ কাউন্টি লাইন পর্যন্ত ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া মিসিসিপি নদীর মোহনা থেকে সুওয়ানি নদী পর্যন্ত বিস্তৃত এলাকায় জলোচ্ছ্বাসের সতর্কতা দেওয়া হয়েছে।

ঝড়টির গতি ও তীব্রতা বাড়ায় রাজ্য কর্তৃপক্ষ জোন এ এবং বি-এর উপকূলীয় এলাকাগুলোর বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ওকালুসা দ্বীপ, উপকূলীয় ফোর্ট ওয়ালটন বিচের কিছু অংশ, ডেস্টিন, মেরি এস্থার এবং নাইসভিল এলাকা এই নির্দেশনার আওতাভুক্ত।

ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) পরিচালক মাইকেল ব্রেনান জানিয়েছেন, ইসাইয়াস যখন স্থলভাগে আঘাত হানবে, তখন এটি অত্যন্ত বিপজ্জনক রূপ নেবে।

তিনি সতর্ক করে বলেছেন, ঝড়ের গতিপথ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তর উপসাগরীয় উপকূলের পরিস্থিতির দ্রুত অবনতি ঘটবে। তাই আজই শেষ প্রস্তুতি নেওয়ার এবং আগামীকালের মধ্যে অবশ্যই নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।