আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শনিবারের (১০ অক্টোবর) এ ঘটনার পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে ছুটে যেতে দেখা গেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে দুই প্রত্যক্ষদর্শী ও ঘটনা সম্পর্কে অবহিত দুই ব্যক্তির বরাতে এসব তথ্য জানানো হয়েছে। তাদের একজন জানান, তিনি বিমানবন্দরের ভেতরে বিস্ফোরণ ঘটতে দেখেছেন। এরপর মেঝেতে একাধিক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তবে বিস্ফোরণের কারণ, হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা কিংবা ঘটনার সঙ্গে কারা জড়িত- এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সৌদি সরকারের মিডিয়া অফিস ও দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।