মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ০৮:৩৯:৫৫

এবার ৩০ দিনে ১৫টি ভিডিও পোস্ট করলেই মিলতে পারে ৩ হাজার ডলার

এবার ৩০ দিনে ১৫টি ভিডিও পোস্ট করলেই মিলতে পারে ৩ হাজার ডলার

আন্তর্জাতিক ডেস্ক : ভিডিও বানিয়েই লাখ লাখ টাকা আয়ের সুযোগ। কনটেন্ট ক্রিয়েটারদের জন্য এবার বড়সড় চমক নিয়ে হাজির হলেন ইলন মাস্কের এক্স (সাবেক টুইটার)। ৩০ দিনে ১৫টি ভিডিও পোস্ট করলেই মিলতে পারে ৩ হাজার ডলার।

এক্সের নয়া এই উদ্যোগের নাম ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’। পরীক্ষামূলকভাবে চালু এই প্রোগ্রামের নির্দেশিকা অনুযায়ী, ৩০ দিনের মধ্যে নির্দিষ্ট ১৫ দিনে অন্তত একটি করে মৌলিক ভিডিও পোস্ট করতে হবে। 

ভিডিওগুলো অবশ্যই হতে হবে ভার্টিক্যাল ফরম্যাটে। দৈর্ঘ্য তিন মিনিটের কম। এই শর্তগুলি পূরণ করলেই থাকছে লাখপতি হওয়ার সুযোগ। তবে এই সুযোগ সবার জন্য নয়। আপাতত শুধুমাত্র এক্সের তরফে নির্বাচিত কনটেন্ট ক্রিয়েটররাই এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন। 

তাৎপর্যপূর্ণ বিষয় হলো– এখানে ভিডিওর ভিউস বা এনগেজমেন্টের উপর পারিশ্রমিক নির্ভর করে না। বিপুল ভিউস না হলেও নির্ধারিত শর্ত পূরণ করলেই মিলতে পারে ‘বোনাস’।

বর্তমানে যেহেতু এক্সের তরফে নির্বাচিত কনটেন্ট ক্রিয়েটররাই এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন, তাই ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’-এ যুক্ত হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

যাদের কাছে আমন্ত্রণ পৌঁছাবে, তারা ‘ক্রিয়েটর স্টুডিও’-এর ‘প্রোগ্রামস’ বিভাগে গিয়ে এই প্রোগ্রামে যুক্ত হতে পারবেন। জানা গিয়েছে, প্রোগ্রামটি চলাকালীনই নির্দিষ্ট সংখ্যক ভিডিও প্রকাশ করতে হবে। 

অন্য প্ল্যাটফর্মে আগে পোস্ট করা মৌলিক ভিডিও এক্সে পোস্ট যাবে, তবে মাথায় রাখতে হবে, ভিডিওতে যাতে সেই প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক না থাকে।

সূত্রের খবর, এর মাধ্যমে এক্স তার প্ল্যাটফর্মে ভিডিও কনটেন্টের পরিমাণ বাড়াতে চাইছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।