আন্তর্জাতিক ডেস্ক : জাপানের ফুকুওকা বিমানবন্দরে বিমানে কার্পেটের নিচে সাপ পাওয়ায় একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানটির এক মেকানিক সাপটি দেখতে পান।
সাপটি প্রায় ৪০ সেন্টিমিটার লম্বা ছিল। তবে এটি বিষধর নয়। প্রায় ২৪ ঘণ্টা পর একজন বন্যপ্রাণী বিশেষজ্ঞ সাপটিকে উদ্ধার করেন।
বিমানটি ইজুমো বিমানবন্দর থেকে ফুকুওকায় পৌঁছেছিল। সেখান থেকে কাগোশিমা প্রশাসনিক এলাকার উদ্দেশে যাত্রা করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সাপটি দেখতে পাওয়ার পর ফ্লাইট বাতিল করা হয়।
ধারণা করা হচ্ছে, বন্য পরিবেশ থেকে সাপটি বিমানের ভেতরে ঢুকেছিল। তবে কীভাবে এটি ভেতরে প্রবেশ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের দুর্ভোগের জন্য ক্ষমা চেয়েছে জাপানের বিমান সংস্থা জাপান এয়ার কমিউটার। সংস্থাটি জানিয়েছে, তাদের কোনো বিমানের যাত্রীদের বসার জায়গায় সাপ পাওয়ার ঘটনা এবারই প্রথম।
বিমান সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের জানামতে, বিমানের যাত্রীকক্ষে সাপ ঢুকে পড়ার ঘটনা আগে কখনো ঘটেনি। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত।’
এর আগে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে হাওয়াইগামী একটি ফ্লাইটে ভুল করে সাপ নিয়ে উঠেছিলেন এক ব্যক্তি।
২০২২ সালেও কেবিনের ভেতরে সাপ দেখতে পাওয়ায় এয়ারএশিয়ার একটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে হয়েছিল। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট