রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ০৬:৫০:৪৮

স্কুল বন্ধ রাখার অদ্ভুত এক ফন্দি এঁটে চরম বিপাকে এক ছাত্রী

স্কুল বন্ধ রাখার অদ্ভুত এক ফন্দি এঁটে চরম বিপাকে এক ছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক : স্কুল বন্ধ রাখার অদ্ভুত এক ফন্দি এঁটে চরম বিপাকে পড়েছে ভারতের দিল্লির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একটি স্কুলের ১৬ বছর বয়সি এক ছাত্রী। স্কুল ভবনে বোমা রাখা হয়েছে—এমন একটি ভুয়া ইমেইল পাঠিয়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে ওই ছাত্রীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ অক্টোবর) স্কুল কর্তৃপক্ষের কাছে একটি ইমেল আসে, যার বিষয়বস্তু বা সাবজেক্ট লাইন ছিল ‘বিল্ডিংয়ে বোমা রাখা হয়েছে’। সম্প্রতি দিল্লির বিভিন্ন স্কুলে এ ধরনের ভুয়া বোমা হুমকির ঘটনার প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্তে নামে সাইবার থানা। দক্ষিণ দিল্লির উপপুলিশ কমিশনার (ডিসিপি) অনন্ত মিত্তাল জানান, সাইবার থানার এসএইচও হংসরাজ স্বামীর নেতৃত্বে একটি দল প্রযুক্তিগত বিশ্লেষণ ও ডিজিটাল প্রমাণের ভিত্তিতে ইমেলের উৎস খুঁজে বের করে ওই ছাত্রীর পরিচয় শনাক্ত করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ছাত্রীটি অন্য কোনো কারণে নয়, কেবল সেদিন ক্লাস বন্ধ বা ছুটি নিশ্চিত করার উদ্দেশ্যেই ভুয়া ইমেইলটি পাঠিয়েছিল। এমনকি ইমেইল পাঠানোর জন্য সে একটি ভিপিএন ব্যবহার করেছিল বলেও পুলিশকে জানায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বারবার আসা এমন ভুয়া হুমকির ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপ এবং সাইবার দক্ষতার মাধ্যমে অপরাধীকে শনাক্ত করা হয়েছে। এছাড়া, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট বা কিশোর আইন অনুযায়ী ওই শিক্ষার্থীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।