রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ০৯:২৭:২৪

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : অন্ধ্রপ্রদেশ উপকূলে ২৮ অক্টোবর আঘাত হানার আশঙ্কা থাকা অতি প্রবল ঘূর্ণিঝড়ের সম্ভাব্য হুমকি মোকাবেলায় প্রস্তুতি জোরদার করেছে ওডিশা সরকার। জরুরি উদ্ধারকারী দলগুলোকে সতর্ক রাখা হয়েছে এবং কর্মকর্তাদের নিজ নিজ সদর দপ্তরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিস্থিতির কারণে জেলা কালেক্টর, জেলা ম্যাজিস্ট্রেট এবং গুরুত্বপূর্ণ দপ্তরে নিয়োজিত অন্য কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। স্কুল-কলেজও বন্ধ রাখা হয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) পূর্বাভাস দিয়েছে, বর্তমানে বঙ্গোপসাগরে নিম্নচাপ হিসেবে থাকা ঝড়টি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাপাটলা ও বিশাখাপত্তনম মাঝামাঝি উপকূল অতিক্রম করতে পারে। বাতাসের গতি ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে, দমকা হাওয়া ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পুদুচেরি, কারাইকাল এবং তামিলনাড়ুর সংলগ্ন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে। পূর্বাভাসিত আঘাত হানার এলাকা ওডিশার গোপালপুর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে হলেও দক্ষিণ ও উপকূলীয় জেলাগুলোতে ভারি বৃষ্টি ও প্রবল বাতাসসহ সম্ভাব্য প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ওডিশা সরকার। সংবাদ সংস্থা পিটিআই এ খবর দিয়েছে।

মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কর্মকর্তাদের জনসুরক্ষা, সরিয়ে নেওয়া ও জরুরি সাড়াদানকে অগ্রাধিকার দিতে নির্দেশ দিয়েছেন।
তিনি শূন্য হতাহত নিশ্চিত করার সরকারি লক্ষ্যের পুনরাবৃত্তি করেন।

ঘূর্ণিঝড় ঘনিয়ে আসায় সব জেলা কালেক্টর, জেলা ম্যাজিস্ট্রেট এবং গুরুত্বপূর্ণ দফতরে নিয়োজিত অন্য কর্মকর্তার ছুটি বাতিল করেছে ওডিশা সরকার। সাধারণ প্রশাসন বিভাগের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে কর্মকর্তাদের অবিলম্বে নিজ নিজ সদর দপ্তরে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ভারতের তামিলনাড়ুর নয়টি বন্দরে ঘূর্ণিঝড় সতর্কসংকেত জারি করা হয়েছে। জেলেদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে। গভীর সমুদ্রে থাকা জেলেদেরও ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।