বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ০১:০৮:৪৮

কোথাও শুরু হয়েছে তল্লাশি, কোথাও উড়ছে যুদ্ধবিমান, ইউরোপজুড়ে আতঙ্ক

কোথাও শুরু হয়েছে তল্লাশি, কোথাও উড়ছে যুদ্ধবিমান, ইউরোপজুড়ে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক : আকাশে উড়ছিল যাত্রীবাহী প্লেন, হঠাৎই ছন্দপতন। বোমা হামলার হুমকিতে কোথাও শুরু হলো জরুরি তল্লাশি, কোথাও আবার নিরাপত্তার জন্য প্লেনের পাশে উড়ল যুদ্ধবিমান।

এমন পরিস্থিতিতে ইউরোপজুড়ে অন্তত সাতটি যাত্রীবাহী প্লেনে বোমা হামলার হুমকি দেওয়া হলেও তল্লাশিতে মেলেনি কোনো বিস্ফোরক।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) ইউরোপের বিভিন্ন দেশে অন্তত সাতটি যাত্রীবাহী প্লেনে বোমা হামলার হুমকি দেওয়া হয়। হুমকির মুখে পড়া প্লেনগুলোর মধ্যে ছিল রায়ানএয়ার, উইজ এয়ার, স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনস ও লটের প্লেন।

পোল্যান্ড, ইতালি, স্পেন, বুলগেরিয়া ও যুক্তরাজ্যে এসব ঘটনা ঘটে।

এদিকে, গ্রিসের সাইরোস দ্বীপের কাছে ইসরায়েলগামী ক্রাউন আইরিস নামের একটি যাত্রীবাহী জাহাজেও বোমা হামলার হুমকি দেওয়া হয়। জাহাজটি তখন ইসরায়েলের হাইফা বন্দরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

হুমকির পর নিরাপত্তার জন্য জাহাজ থেকে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়। পরে তল্লাশি চালালে সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

এর আগে, গত সোমবার লন্ডনের লুটন বিমানবন্দর থেকে বুলগেরিয়ার সোফিয়াগামী উইজ এয়ারের একটি প্লেন বোমা হামলার হুমকির মুখে পড়ে।

পরে, প্লেনটি হাঙ্গেরির বুদাপেস্টে অবতরণ করে। এসময় হাঙ্গেরির গ্রিপেন যুদ্ধবিমান সেটিকে পাহারা দিয়ে নিয়ে যায়।

এসব হুমকির পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি ইউরোপের কর্তৃপক্ষ।

তবে, ইউরোপের বিভিন্ন দেশের কর্মকর্তারা এর আগে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে সাইবার হামলা, নাশকতা ও অন্যান্য ধরনের ‘হাইব্রিড’ হামলার অভিযোগ তুলেছেন।

তবে, দুই দেশই এসব অভিযোগ অস্বীকার করেছে।

বিমান চলাচলের ঝুঁকি বিশ্লেষক রাইস জোনস বলেন, একই দিনে সাতটি প্লেনে বোমা হামলার হুমকি পাওয়ার ঘটনা অস্বাভাবিক। প্লেন চলাচলে বিঘ্ন করাই এসব হুমকির মূল উদ্দেশ্য বলে মনে করেন তিনি। সূত্র: আল-জাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।